বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াতে বাকি মাত্র তিন সপ্তাহ। এমন সময়ে কৌশলগত সিদ্ধান্তে নিজেদের অনুশীলন ‘ঘাঁটি’ বা বেজক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিলো ইরান ফুটবল দল। মূলত ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ভিসাজনিত জটিলতার কারণেই শেষ মুহূর্তে এই জরুরি সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজ এই তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বকাপের ২৩তম আসরটি যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা। সেই হিসেবে প্রথমে দলটির বেজক্যাম্প নির্ধারণ করা হয় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুকসনে অবস্থিত কিনো স্পোর্টস কমপ্লেক্সে। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং মার্কিন নিষেধাজ্ঞা ও নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানি ফুটবলার ও স্টাফদের আমেরিকার ভিসা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়।
কয়েকদিন আগেই দলটির কয়েকজন সদস্যকে ভিসার জন্য তুরস্কের আঙ্কারায় মার্কিন দূতাবাসে যেতে হয়। এই জটিলতা ও সময় অপচয় এড়াতে ইরান ফেডারেশন তাদের বেজক্যাম্প মেক্সিকোতে স্থানান্তরের জন্য ফিফার কাছে জরুরি আবেদন জানায়। মেহদি তাজ জানান, ইস্তাম্বুল ও তেহরানে ফিফা কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক ও ওয়েবিনার আলোচনার পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা এই অনুরোধ অনুমোদন করেছে।
ইরানের নতুন বেজক্যাম্প হচ্ছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্ত এবং প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে অবস্থিত শহর টিজুয়ানা। এই পরিবর্তনের ফলে ভিসা জটিলতা কাটার পাশাপাশি যাতায়াত ব্যবস্থাও সহজ হবে। ইরান এয়ারের সরাসরি চার্টার্ড ফ্লাইটে দল মেক্সিকোতে ভ্রমণ করতে পারবে। এ প্রসঙ্গে মেহদি তাজ বলেন, ‘লস অ্যানজেলেসে আমাদের প্রথম দু’টি ম্যাচের ভেন্যু থেকে টিজুয়ানার দূরত্ব মাত্র ৫৫ মিনিটের ফ্লাইট, যা পূর্বের নির্ধারিত টুকসনের চেয়ে অনেক কম।’
বর্তমানে তুরস্কের আন্টালিয়াতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরান দল। আগামী ১১ই জুন পর্দা উঠবে এবারের মেগা আসরের। ‘জি’ গ্রুপে থাকা ইরান ১৫ই জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ২১শে জুন বেলজিয়ামের বিপক্ষে লস অ্যানজেলেসে এবং ২৬শে জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।
