বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন চাকমা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে এ মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা ঘটে।
সূত্র জানিয়েছে, বিস্ফোরণের পরপরই এলাকায় তিনজন আহত হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে দুপুর আড়াইটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতরা হলেন- লেয়ারা চাকমা, অংকেমং চাকমা এবং চিংকা চাকমা। তাদের সবার বাড়ি ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া পাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা শক্তিশালী স্থলমাইনের বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে। নিহতরা ওই এলাকায় কলাবাগানে কাজ করতে গেলে এ দুর্ঘটনার শিকার হন। তবে অপর একটি সূত্রের দাবি, তারা চোরাই পণ্য ও মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং ওইদিন মাদক আনতে গিয়ে বিস্ফোরণের কবলে পড়েন। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তবর্তী দুর্গম এলাকা হওয়ায় মরদেহ উদ্ধার ও নিয়ে আসতে দেরি হচ্ছে।
ঘটনাস্থলে বিজিবি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন উপস্থিত রয়েছেন। ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সীমান্তসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে ঘটনার পর বিজিবি’র একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন, তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে কাজ করছে।
