কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি

ফন্ট সাইজ:

কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে বিএনপি নেতা রক্ষা পেলেও গুলিবিদ্ধ হয়েছে স্বেচ্ছাসেবক দলনেতাসহ তিনজন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলসহ একজনকে আটক করেছে। গতকাল দুপুর ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ-২ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন লিয়াকত মেম্বারকে লক্ষ্য করে গুলি চালায়। লিয়াকত আলী সরে গেলে পাশে থাকা মঈন উদ্দিন গুলিবিদ্ধ এবং রনি নামের আরও একজন আহত হন।

গুলিবিদ্ধ মঈন উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত রনিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ মঈন উদ্দিন সম্পর্কে লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই। ওই সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আদালত এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে। ঘটনার পরপরই পুলিশ আদালত চত্বর ঘিরে ফেলে এবং একজনকে অস্ত্রসহ আটক করে।

আটক ব্যক্তির নাম জিয়াউল হক জিয়া। তার বাড়ি ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায়। তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটা ম্যাগাজিন, ছয়টা গুলির খোসা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী। তিনি বলেন, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে হামলা হয়েছে বলে জানতে পেরেছি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান নিশ্চিত করেছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন