মাদারীপুরে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা কারাগারে যুবক

মাদারীপুরে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা কারাগারে যুবক

ফন্ট সাইজ:

মাদারীপুরে ইটভাটায় কর্মরত শ্রমিক দম্পতির শিশুকে ধর্ষণের চেষ্টায় মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তোলা হলে গ্রেপ্তার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত মামুন নড়িয়াল খুলনা জেলার ফুলতলা উপজেলার চতুরখালী এলাকার বাসিন্দা। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকার এসএসবি ব্রিক্স ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে ১১ বছরের শিশুর মা-বাবা। সপ্তাহখানেক আগে মেয়েটি তার দাদা-দাদির কাছে বেড়াতে খুলনা যায়। মঙ্গলবার দুপুরের পর গ্রামের বাড়ি থেকে মামুনের সঙ্গে মাদারীপুরে মা-বাবার কাছে আসার উদ্দেশ্যে রওয়ানা দেয় ওই শিশু। পরে রাতে মামুন মাদারীপুর পৌঁছালে তার ভাড়াকৃত বাসায় আটকে শিশুকে ধর্ষণচেষ্টা চালায়। ব্যর্থ হলে মেয়েটিকে একটি ঘরে বদ্ধ করে রাখে। পরিবারের লোকজন মেয়েটিকে অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকাল ৭টার দিকে মামুনের বাসা থেকে উদ্ধার করে। খবর পেয়ে রাত ১১টার দিকে সদর মডেল থানা পুলিশ শিশু ও অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতেই মামুনকে একমাত্র আসামি করে ধর্ষণচেষ্টা মামলা করে মেয়েটির পরিবার। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত মামুনকে আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিযুক্ত মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে এই ঘটনার পর আতঙ্কে আছে মেয়েটি ও তার পরিবার। স্থানীয় সূত্র জানায়, শিশুকে ধর্ষণ-চেষ্টার ঘটনায় প্রথমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে ইটভাটা মালিকপক্ষ। মামুনকে ডেকে এনে মারধর করে ছেড়ে দেয়। বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানলে থানা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে পুলিশ নেয় আইনি ব্যবস্থা। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান-মেয়েটির মা-বাবা দু’জনেই একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত। গ্রামের বাড়ি দূরে হওয়ায় মামুনের সঙ্গে মেয়েটিকে আসতে সম্মতি দেয় পরিবার। এই সুযোগে শিশুকে মাদারীপুরে নিয়ে এসে ধর্ষণচেষ্টা চালায় মামুন। এই ঘটনায় শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার মামুনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মেয়েটির পরিবারকে সব ধরনের আইনগত সহযোগিতা করা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন