মধ্য আফ্রিকায় ইবোলার বাড়বাড়ন্তের জেরে বিশ্ব জুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন প্রেক্ষাপটে তৎপর হয়ে উঠেছে ভারতও। এনিয়ে কেন্দ্রের তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের মতো দেশে বিশেষ প্রয়োজন ছাড়া কোনো ভারতীয় যেন সফর না করেন।
এমন পরিস্থিতিতে ইবোলা টিকা তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছে ভারতের পুণের সিরাম ইনস্টিটিউট। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে নতুন টিকা তৈরির কাজ চলছে বলে জানা গেছে। সিরাম ইনস্টিটিউট কোভিডের টিকাও উৎপাদন করেছিল।
সরকারের তরফে জানানো হয়েছে, ভারতে এখনো ইবোলার বুন্দিবুগিও স্ট্রেনে আক্রান্তের কোনো খোঁজ মেলেনি। তবে আন্তর্জাতিক নিয়ম মেনে ভারতের সব প্রবেশপথে নজরদারি বাড়ানো হয়েছে।
আফ্রিকার ওই তিন দেশে থাকা ভারতীয়দের স্থানীয় স্বাস্থ্য বিধি মেনে চলতে, অসুস্থদের থেকে দূরে থাকতে এবং জ্বর হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।
ভারত সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলে জানিয়েছে।
