মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের সঙ্গে শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি ‘বড় অংশ আলোচনার মাধ্যমে সম্পন্ন’ হয়েছে। ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্য মিত্র দেশের নেতাদের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এ মন্তব্য করেন। এতে টানা তিন মাসের যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন- যুক্তরাষ্ট্র, ইরান এবং আলোচনায় অংশ নেয়া অন্য দেশের মধ্যে একটি চুক্তির বড় অংশ সম্পন্ন হয়েছে, এখন শুধু চূড়ান্ত অনুমোদন বাকি।
তবে ইরানের কিছু সূত্র জানিয়েছে, চুক্তি নিয়ে এখনো মতভেদ রয়ে গেছে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে প্রাথমিক খসড়া সমঝোতার আলোচনা চলছে, সেখানে তেহরান তাদের কোনো ইউরেনিয়াম হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়নি।
সংবাদমাধ্যমটির দাবি, পশ্চিমা কিছু গণমাধ্যমে এ বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা ‘ভুল ব্যাখ্যা’। আইআরজিসি- সংশ্লিষ্ট এই সংবাদমাধ্যম আরও বলেছে, পারমাণবিক ইস্যুতে আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে এবং তা ‘সম্ভাব্য যুদ্ধ সমাপ্তির পর’ পুনরায় শুরু হতে পারে। তাসনিম নিউজের ভাষ্য অনুযায়ী, বর্তমান খসড়া সমঝোতা কেবল যুদ্ধ বন্ধের বিষয়েই সীমাবদ্ধ, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত কোনো বিস্তারিত শর্ত অন্তর্ভুক্ত নেই।
