বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে ফ্র্যাঞ্চাইজি লীগের দ্বার খুলতে চান জ্যোতিরা

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে ফ্র্যাঞ্চাইজি লীগের দ্বার খুলতে চান জ্যোতিরা

ফন্ট সাইজ:

বিশ্বজুড়ে একের পর এক ফ্র্যাঞ্চাইজি লীগ হলেও সেখানে ডাক পান না বাংলাদেশের মেয়েরা। এবার ভাগ্য বদলাতে মরিয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের মেলে ধরে বিশ্বমঞ্চের নজর কাড়তে চান নিগার সুলতানা জ্যোতিরা।

আগামী ১২ই জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে স্কটল্যান্ডে স্বাগতিক ও নেদারল্যান্ডসের বিপক্ষে একটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই মিশনকে সামনে রেখে আজ রাতে ও আগামী পরশু সকালে দুই ধাপে দেশ ছাড়বেন টাইগ্রেসরা। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘আমার দলের এক্সপোজার অনেক কম থাকে।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে সবার নজর থাকে, এসব জায়গায় যখন আমরা ভালো পারফর্ম করি, তখন দলকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আমরা এটাই চাই।’ বিশ্বমঞ্চে ব্যক্তিগত নৈপুণ্য দেখাতে পারলে ক্রিকেটারদের ক্যারিয়ারের গ্রাফ বদলে যাবে এবং বিদেশি লিগের সুযোগ তৈরি হবে বলে বিশ্বাস নিগারের। ফ্র্যাঞ্চাইজি লিগের দুয়ার খোলার তাগিদ দিয়ে অধিনায়ক বলেন, ‘ব্যক্তিগতভাবে খেলোয়াড়েরা যখন ভালো করে, তাদের জন্য বিভিন্ন সুযোগ আসে। আমাদের জন্য বড় একটা সুযোগ। তারা (ক্রিকেটাররা) খুব ইতিবাচক মানসিকতায় আছে। বিশ্বকাপে ভালো খেলতে পারলে তা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য ভালো হবে, ব্যক্তিগতভাবে খেলোয়াড়রাও লাভবান হবে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অতীতের রেকর্ড অবশ্য খুব একটা সুখকর নয়।

২৫ ম্যাচ খেলে জয় এসেছে মাত্র তিনটিতে। এবার সেই রেকর্ড কিছুটা হলেও বদলে দিতে মরিয়া নিগার সুলতানার দল। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এর মধ্যে অন্তত তিনটি দলকে হারানোর ছক কষছেন অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের দুটি ম্যাচে জেতার অনেক বড় সুযোগ থাকবে, একটা হচ্ছে নেদারল্যান্ডস ও পাকিস্তান। দ্বিতীয়ত ভারতের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। শুরুটা যদি ভালো পাই, ছন্দ পেলে সেটা বাকি টুর্নামেন্টে সাহায্য করবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন