ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমতি ছাড়া তেহরান-ওয়াশিংটনের চুক্তি বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। রোববার (২৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানান হয়েছে।
পেজেশকিয়ানের ভাষণের উদ্ধৃতি দিয়ে তাসনিম নিউজ এজেন্সি বলেছে, যেকোনো বক্তব্য, বিশ্লেষণ বা অবস্থান যা সমাজে বিভেদ সৃষ্টি করে, তা প্রকৃতপক্ষে শত্রুর সৃষ্ট ক্ষতির ওপর পানি ঢালার শামিল।
তিনি আরও বলেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাঠামোর বাইরে এবং সুপ্রিম লিডারের অনুমতি ছাড়া দেশে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। দেশ পরিচালনার জন্য প্রয়োজন একক সিদ্ধান্ত ও সম্মিলিত আনুগত্য।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের সঙ্গে শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি ‘বড় অংশ আলোচনার মাধ্যমে সম্পন্ন’ হয়েছে।
ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্য মিত্র দেশের নেতাদের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এ মন্তব্য করেন। এতে টানা তিন মাসের যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ট্রাম্পের দাবি, আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার আগে এখন শুধু চুক্তির শেষ দিকের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন- যুক্তরাষ্ট্র, ইরান এবং আলোচনায় অংশ নেয়া অন্য দেশের মধ্যে একটি চুক্তির বড় অংশ সম্পন্ন হয়েছে, এখন শুধু চূড়ান্ত অনুমোদন বাকি।
তবে ইরানের কিছু সূত্র জানিয়েছে, চুক্তি নিয়ে এখনো কিছু মতভেদ রয়ে গেছে।
