পুতিনের হুঁশিয়ারির পরেই ইউক্রেনে ব্যাপক হামলা, বহু হতাহত

পুতিনের হুঁশিয়ারির পরেই ইউক্রেনে ব্যাপক হামলা, বহু হতাহত

ফন্ট সাইজ:

ইউক্রেনজুড়ে রাতভর বিশাল আকারে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী শত শত ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দিকে ছুড়েছে।

এতে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের এলাকায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে, আহত হয়েছে ৫০ জনের বেশি।

বিবিসি জানিয়েছে, রবিবার রাতভর ইউক্রেনজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে স্কুল এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভের বিলা তিসারকায় রাশিয়ান বাহিনী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

গত শুক্রবার রাশিয়ার এক স্কুলে ইউক্রেন বাহিনীর হামলায় অন্তত ১৮ জন নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার প্রতিশোধ নেয়ার কড়া হুঁশিয়ার বার্তা দেন। এরপরেই ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালালো রাশিয়ান বাহিনী।
ইউক্রেনের বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ৬টা থেকে ৯০টি ক্ষেপণাস্ত্র এবং ৬০০ ড্রোন তারা শনাক্ত করেছে।

ইউক্রেনের জাতীয় পুলিশ জানায়, কিয়েভের ৫০টির বেশি জায়গাজুড়ে হামলা হয়েছে। এতে আবাসিক ভবন, শপিং সেন্টার, জরুরি পরিষেবা এবং পুলিশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া জেলনস্কি বলেন, পানি সরবরাহ অবকাঠামোতেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে এসব হামলা নিয়ে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন