কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসা বিএনপির এক নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। রোববার বেলা ১১টার দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে ওই বিএনপি নেতার সহযোগী মাইনুদ্দীন (৩৭) গুলিবিদ্ধ হয়েছেন।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি করে প্রতিপক্ষরা। তিনি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
এ ঘটনায় জিয়াউল হক জিয়া (৩৪) নামের একজনকে আটক করে লিয়াকতের সঙ্গে থাকা লোকজন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
কক্সবাজার সদর মডেল থানায় ওসি শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, ‘পূর্বশত্রুতার জেরে সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর ওপর হামলা চালায় তার প্রতিপক্ষরা। আজ সকালে লিয়াকত আলীসহ কয়েকজন জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলার হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা শেষে বেলা ১১টার দিকে লিয়াকত বাড়িতে ফেরার গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।’
তিনি বলেন, ‘গুলি করে পালানোর সময় জিয়াউল হককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।’
