পাকিস্তানের অশান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনাসদস্য বহনকারী একটি ট্রেনকে লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। প্রতিবেদন অনুযায়ী, কোয়েটার চামান পাটাক এলাকায় ট্রেনটি একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরকভর্তি একটি গাড়ি ট্রেনের একটি বগিতে আঘাত হানে। এতে বিকট বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে বহু সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্য রয়েছেন।
তারা পেশোয়ারে যাচ্ছিলেন ঈদ উদযাপনের জন্য। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে আগুন ধরে যায়। হামলার পর ঘটনাস্থল থেকে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। রক্তাক্ত আহতদের স্ট্রেচারে করে লাইনচ্যুত বগির পাশ থেকে সরিয়ে নিতে দেখা গেছে। এ সময় ঘটনাস্থলে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। রেললাইনের প্রায় ২৫ থেকে ৩০ মিটার দূরে পার্ক করা বহু গাড়ি পুরোপুরি পুড়ে যায়। পাশের একটি বহুতল ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভবনটির জানালার কাচ উড়ে যায় এবং দেয়ালের কিছু অংশ ধসে পড়ে।
এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তারা জানিয়েছে, এটি ছিল একটি আত্মঘাতী হামলা। বিএলএ এক বিবৃতিতে বলেছে, রোববার সকালে মাজিদ ব্রিগেড, যা বেলুচ লিবারেশন আর্মির আত্মোৎসর্গকারী ইউনিট, কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে দখলদার বাহিনীর সদস্য বহনকারী একটি ট্রেনকে অত্যন্ত সুসংগঠিত আত্মঘাতী হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে। এই অভিযানের পূর্ণ দায়িত্ব বেলুচ লিবারেশন আর্মি গ্রহণ করছে। সংগঠনটি আরও জানায়, এই অভিযানের বিস্তারিত তথ্য, শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি এবং হতাহতের নির্দিষ্ট সংখ্যা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।
ঘটনাটি এমন একটি এলাকায় ঘটেছে, যেখানে সাধারণত সবসময় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকে। কোয়েটা হলো দীর্ঘদিনের বিদ্রোহে অস্থির বেলুচিস্তান প্রদেশের রাজধানী। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী বেলুচিস্তানে কয়েক দশক ধরে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা বিদ্রোহ চালিয়ে আসছে।
তারা বৃহত্তর স্বায়ত্তশাসন এবং প্রদেশটির প্রাকৃতিক সম্পদের ওপর বেশি অধিকার দাবি করে। বছরের পর বছর ধরে বিএলএর মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনী, বেসামরিক মানুষ, অবকাঠামো এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি)-সংশ্লিষ্ট প্রকল্পগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
