ইত্তিহাদ ছাড়ার আগে সিটিকে বিশেষ বার্তা পেপ গার্দিওলার

ইত্তিহাদ ছাড়ার আগে সিটিকে বিশেষ বার্তা পেপ গার্দিওলার

ফন্ট সাইজ:

ইংলিশ ফুটবলের এক সোনালী অধ্যায়ের অবসান ঘটিয়ে ইত্তিহাদ স্টেডিয়াম ছাড়ছেন পেপ গার্দিওলা। অ্যাস্টন ভিলার বিপক্ষে আজকের ম্যাচের মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটিতে নিজের ঐতিহাসিক এক দশকের সমাপ্তি টানছেন এ স্প্যানিশ মাস্টারমাইন্ড। ক্লাব ছাড়ার আগে সিটির নতুন ম্যানেজার নিয়োগ নিয়ে বোর্ডকে একটি বিশেষ সতর্কবার্তা দেয়ার পাশাপাশ নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন গার্দিওলা। অন্তত বছরখানেক ফুটবলের আশেপাশেও থাকার পরিকল্পনা নেই তার। এখন পুরো সময়টা দিবেন নিজের পরিবারকে।

২০১৬ সালে ম্যানচেস্টারে আসার পর থেকে ইংলিশ প্রিমিয়ার লীগের অনেক কিছুই বদলে দিয়েছেন ৫৫ বছর বয়সী গার্দিওলা। তার অধীনে সিটি জিতেছে রেকর্ড ১০০ পয়েন্টের ‘সেন্চুরিয়ান’ ক্যাম্পেইন, ঘরোয়া কোয়াড্রুপল এবং ২০২৩ সালের পরম আরাধ্য চ্যাম্পিয়ন্স লীগ। বিদায়ী মৌসুমেও এফএ কাপ ও কারাবাও কাপ জিতে উঁচুতে থেকেই শেষ করছেন তিনি। গার্দিওলার শূন্যস্থান পূরণে সাবেক সহকারী এনজো মারেস্কার নাম জোরেশোরে শোনা যাচ্ছে। তবে গার্দিওলা মনে করেন নতুন কোচকে নিজের ফুটবল দর্শনেই এগোতে হবে। তিনি বলেন, “এই ধরণের চাকরিতে ‘কপি অ্যান্ড পেস্ট’ বা হুবহু নকল করা খাটবে না। আপনাকে অনন্য, স্বাভাবিক এবং নিজের প্রতি সৎ হতে হবে। নতুন ম্যানেজার যিনিই হোন, তাকে নিজের সত্ত্বা বজায় রাখতে হবে। যখনই আপনি অন্য কাউকে অনুকরণ করতে যাবেন, তখনই সমস্যা তৈরি হবে।”

টানা ১০ বছরের তীব্র মানসিক চাপ শেষে আপাতত ফুটবল থেকে সম্পূর্ণ দূরে থাকার ঘোষণা দিয়েছেন এই কিংবদন্তি ম্যানেজার। ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে গার্দিওলা আরও বলেন, ‘আপাতত বিশ্রাম নেয়া ছাড়া আমার আর কোনো পরিকল্পনা নেই। সন্তানদের বড় হওয়ার দিনগুলোতে যে সময়টা দিতে পারিনি, তা পুনরুদ্ধার করতে চাই। আগামী কয়েক বছর ফুটবল সংক্রান্ত কোনো কিছুই আমার মাথায় থাকবে না।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন