সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূনের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার জজ আদালতসহ) বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
এদিন হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন গত ২৩শে মে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে অদ্য ২৪শে মে রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার জজ আদালতসহ) বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশের প্রধান বিচারপতির সানুগ্রহ আদেশক্রমে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
এদিকে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে প্রধান বিচারপতি গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপীল বিভাগের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের স্বাক্ষরিত এই শোকবার্তায় বলা হয়, প্রধান বিচারপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
