অশ্রুসিক্ত বদনে রিয়ালকে বিদায় জানালেন দানি কার্ভাহাল

অশ্রুসিক্ত বদনে রিয়ালকে বিদায় জানালেন দানি কার্ভাহাল

ফন্ট সাইজ:

সান্তিয়াগো বার্নাব্যুর সবুজ গালিচায় তখন আবেগের এক অদৃশ্য প্রবাহ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৪-২ গোলের জয় ছাপিয়ে রিয়াল মাদ্রিদের পুরো গ্যালারি দাঁড়িয়ে সম্মান জানায় তাদের ঘরের ছেলেকে। দীর্ঘ ২৩ বছরের চেনা আঙিনা ছেড়ে চোখের জলে বিদায় নিলেন আধুনিক রিয়ালের অন্যতম মহানায়ক ও কিংবদন্তি রাইট-ব্যাক দানি কার্ভাহাল।

তার বিদায়বেলায় ক্লাবের বিদায়ী অন্তর্বর্তীকালীন কোচ আলভারো আরবেলোয়ার কণ্ঠে ঝরলো পরম শ্রদ্ধা। তিনি বলেন, ‘দানি কার্ভাহাল হলো একজন রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ঠিক কেমন হওয়া উচিত, তার জীবন্ত প্রতীক। সে আমাদের ঘরের ছেলে, যে এই ক্লাবের আধুনিক সাফল্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। সে আমাদের অহংকার।’

ম্যাচ শেষে বার্নাব্যুর দর্শকদের সামনে মাইক্রোফোন হাতে নিয়ে কার্ভাহাল আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি, ভেঙে পড়েন অশ্রুজলে। কঠিনতম সময়ে ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পাশে থাকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘বিদায়বেলায় কথা বলা মোটেও সহজ নয়। আমি সভাপতি ডন ফ্লোরেন্তিনোকে ধন্যবাদ জানাতে চাই। জার্মানি থেকে তিনি আমাকে ফিরিয়ে এনেছিলেন। তবে সবচেয়ে বড় কথা, আমার হাঁটুতে মারাত্মক চোট লাগার ২৪ ঘণ্টাও পার হয়নি, অথচ তিনি আমার চুক্তি নবায়নে বিন্দুমাত্র দ্বিধা করেননি। আমি তা কোনোদিন ভুলবো না।’

ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোস, জিনেদিন জিদান ও কার্লো আনচেলোত্তির সঙ্গে কাটানো সোনালী যুগ এবং ৫ বছরে ৪টি চ্যাম্পিয়ন্স লীগ জিতে মহাকাব্য রচনা করেন কার্ভাহাল। সেই স্মৃতিচারণ করে সতীর্থদের উদ্দেশ্যে ৩৪ বছর বয়সী তারকা আরও বলেন, ‘বিগত দুটি মৌসুম আমাদের সহজ কাটেনি। তবে মাদ্রিদের ইতিহাস বলে—আমরা ঠিকই আবার শীর্ষে ঘুরে দাঁড়াবো।’

রিয়াল মাদ্রিদ টিভির সঙ্গে আলাপকালে অল হোয়াইটদের প্রতি নিজের আজীবন নাড়ির টানের কথা উল্লেখ করে এই স্প্যানিশ তারকা বলেন, ‘যদি শৈশবে কেউ আমাকে বলত আমি এমন একটি ক্যারিয়ার গড়ব, আমি বিশ্বাস করতাম না। রিয়াল মাদ্রিদ শুধু আমার জীবনের সেরা ক্লাব নয়, এটিই আমার পুরো জীবন। আমি মাদ্রিদিস্তা হয়েই জন্মেছি। ২৩ বছর ধরে সব বয়সভিত্তিক দল পেরিয়ে আজ অধিনায়ক হিসেবে বিদায় নিচ্ছি, এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার থাকতে পারে না। ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় হলেও আমি আবার আমার ঘরে ফিরতে চাই।’

এই ম্যাচের পর রিয়ালের ডাগআউট থেকে বিদায় নেন কোচ আরবেলোয়াও। জোসে মরিনহোর কোচিং স্টাফে যোগ দেয়ার জোরালো গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটিই মাদ্রিদের ডাগআউটে আমার শেষ। তবে আমি আশা করি এটি চিরতরে বিদায় নয়, কারণ রিয়াল মাদ্রিদ সবসময়ই আমার ঘর।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন