সঙ্গীত, ফুটবল আর আবেগের এক অপূর্ব মেলবন্ধনের সাক্ষী হলো বার্সেলোনা শহর। পুয়ের্তো রিকান পপ তারকা ‘ব্যাড বানি’র ইউরোপিয়ান ট্যুরের উদ্বোধনী কনসার্টে ফুটবল ক্লাব বার্সেলোনারই মাঠ অলিম্পিক স্টেডিয়াম মেতে ওঠে এক ভিন্ন উন্মাদনায়। তবে সব ছাপিয়ে জমকালো রাতে আচমকাই স্পটলাইটে চলে আসেন পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি। এরপর বার্সার জার্সিতে নিজের শেষ ম্যাচে নেমে গোলও করেন লেভা।
কনসার্টের ভিআইপি জোন ‘লা ক্যাসিতা’-তে বসে স্ত্রী অ্যানার সঙ্গে গান উপভোগ করছিলেন এ তারকা স্ট্রাইকার। গ্যালারির হাজারো সমর্থক যখনই লেভাকে টের পায়, মুহূর্তেই কনসার্টের আবহ বদলে যায়। ব্যাড বানির সুর ছাপিয়ে পুরো স্টেডিয়াম জুড়ে একটিই আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে— ‘লেভানদোভস্কি! লেভানদোভস্কি!’ বার্সেলোনার সঙ্গে চার বছরের সম্পর্ক ছিন্ন করার মুখে থাকা এই ৩৭ বছর বয়সী তারকার জন্য সমর্থকদের এমন ভালোবাসা ছিলো দেখার মতো। বার্সার তরুণ তুর্কি লামিন ইয়ামাল, গাভি, দানি ওলমো, পাউ কুবার্সি এবং গোলকিপার ভয়চেক শেজনিরাও আসেন এই কনসার্টে। ইয়ামালকে দেখা যায় ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার সঙ্গে, যা ইতিমধ্যেই স্প্যানিশ সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। তবে সবাইকে ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন কেবলই লেভা।
এর প্রায় এক ঘন্টা পর ভ্যালেন্সিয়ার মাঠে লা লিগার শেষ ম্যাচটি খেলতে নামে শিরোপাধারী বার্সা। মৌসুমের শেষ ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার ও লেভানদোভস্কির রাজকীয় বিদায়ের। তবে প্রত্যাবর্তনের এক অনবদ্য গল্প লিখে চ্যাম্পিয়নদের ৩-১ ব্যবধানে হারিয়ে দেয় ভ্যালেন্সিয়া।
চার মৌসুমের বার্সা অধ্যায়ের ইতি টানার দিন কাতালানদের জার্সিতে নিজের ১১৯তম গোলটি পান লেভা। ম্যাচের ৬১তম মিনিটে ফেরান তোরেসের ভলি থেকে দারুণ এক ফ্লিকে বার্সাকে লিড এনে দেন এই পোলিশ ফরোয়ার্ড। তবে মিনিট দশেকের মধ্যে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। সেখান থেকে আর ফেরা হয়নি বার্সার। উল্টো যোগ করা সময়ে আরও এক গোল হজম করে হান্সি ফ্লিকের দল।
বায়ার্ন মিউনিখ ছেড়ে লেভা যখন বার্সায় আসেন, তখন কাঁধে ছিলো বিশাল চাপ। তবে মাঠের পারফরম্যান্স, নেতৃত্ব ও ব্যক্তিত্ব দিয়ে বার্সার পুনর্গঠনের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠেন তিনি। ম্যাচের পর তাই বিদায়ী সতীর্থের আবেগঘন মুহূর্তে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে ভুল করেননি বার্সা খেলোয়াড়রা।
