চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) ক্যাম্পাসের সামনে থেকে খুলিবিহীন এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, ইউএসটিসি ক্যাম্পাসের হাসপাতালের নিচতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির মাথার অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ছিল এবং মুখমণ্ডল বিকৃত থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বহিরাগত, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
খুলশী থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি ওপর থেকে পড়ে গেছেন নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। একই সঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ বিষয়ে জানতে ইউএসটিসি’র রেজিস্ট্রার দিলীপ বড়ুয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
