ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভিরকে ফ্রান্সে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। গাজাগামী একটি মানবিক সহায়তা বহরের (ফ্লোটিলা) আটক হওয়া কর্মীদের নিয়ে ভিডিও প্রকাশের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো এক্সে এক পোস্টে বলেন, ‘আজ থেকে ইতামার বেন গাভিরকে ফরাসি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলো।’ তিনি আরও জানান, ইউরোপীয় ও ফরাসি নাগরিকদের প্রতি তার ‘নিন্দনীয় আচরণের’ কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও বলেন, ইতালির সঙ্গে মিলিতভাবে তিনি ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ে ওই ডানপন্থী ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এই নিষেধাজ্ঞা আসে এমন এক সময়, যখন বেন গাভির একটি ভিডিও প্রকাশ করে। সেখানে ইসরাইলি সেনাদের হাতে আটক গাজাগামী সহায়তা বহরের বিদেশি কর্মীদের কঠোরভাবে বেঁধে রাখা ও অপমানজনক অবস্থায় দেখানো হয়। ভিডিওতে দেখা যায়, বহু কর্মীকে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসতে বাধ্য করা হয়েছে এবং তাদের হাত বাঁধা। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল ‘ইসরাইলে স্বাগতম’। সেখানে বেন গাভিরকে ইসরাইলি পতাকা হাতে কর্মীদের উদ্দেশে কটূক্তি করতে দেখা যায়।
স্পেনও ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে বেন গাভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে বৃটেন এই ‘উসকানিমূলক ভিডিওর’ কারণে ইসরাইলের সর্বোচ্চ কূটনীতিককে তলব করে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আটক কর্মীদের সঙ্গে বেন গাভিরের আচরণ ইসরাইলের মূল্যবোধ ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে তিনি আগেই ওই মানবিক সহায়তা মিশনকে হামাসকে সমর্থনের উদ্দেশ্যে একটি দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র বলে অভিহিত করেন।
উল্লেখ্য, তুরস্ক থেকে গত সপ্তাহে প্রায় ৫০টি জাহাজ নিয়ে এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করে। গাজায় ইসরাইলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে এটি ছিল সাম্প্রতিকতম একটি প্রচেষ্টা। এর আগে গত মাসেও আরেকটি বহর আটক করে ইসরাইলি বাহিনী।
