দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি ইলেক্ট্রিক গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ইলেক্ট্রিক দু’টি ভেহিক্যাল (ইভি) চালিয়ে দেখেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেশীয় প্রযুক্তির তৈরি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) কার ও একটি কাভার্ডভ্যান নিজে চালিয়ে দেখেন। প্রধানমন্ত্রী নির্মাতাদের প্রশংসা করেছেন এবং বলেছেন যে, সরকারের তরফ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে সেটা সরকার করবে।
গতকাল সকালে প্রধানমন্ত্রী রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে আনা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি ইলেক্ট্রিক ইভি গাড়ি পরিদর্শন করেন। নির্মাতাদের কাছ থেকে কীভাবে গাড়িগুলো তৈরি করেছে তার পটভূমিও শুনেন প্রধানমন্ত্রী। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানায়, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের প্রথম ইভি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারিচালিত ও পরিবেশবান্ধব। নিমার্তারা জানান, গাড়িগুলোর দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন, সব ধরনের মান ও নিরাপত্তা নিশ্চিত করে যদি ইভি গাড়ি উৎপাদন করা যায় এবং এর মাধ্যমে দেশ উপকৃত হয় তাহলে সরকার সহযোগিতা করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে দু’টি এসইউভি, একটি কাভার্ডভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা এবং দু’টি মোটরসাইকেল প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য আনা হয়। প্রধানমন্ত্রী গাড়িগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। প্রথমে প্রধানমন্ত্রী একটি এসইউভি কার ড্রাইভ করেন। এ সময় নির্মাতা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি গাড়িতে ছিলেন যিনি প্রধানমন্ত্রীকে গাড়িটির বিভিন্ন প্রযুক্তিগত দিক তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী একটি কাভার্ডভ্যানও চালিয়ে দেখেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অব. ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্মাতাদের তথ্য অনুযায়ী, এসইউভি ধরনের একটি গাড়ি একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে পারে। স্বাভাবিক চার্জে ব্যাটারি পূর্ণ হতে সময় লাগে ৫ থেকে ৬ ঘণ্টা, আর ফাস্ট চার্জিংয়ে লাগে আধা ঘণ্টা।
অন্যদিকে ট্রাক ও কাভার্ডভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে সক্ষম। এসব গাড়ির ব্যাটারি পূর্ণ চার্জ হতে সাধারণভাবে প্রায় ৬ ঘণ্টা এবং দ্রুত চার্জে প্রায় ৪০ মিনিট সময় লাগে।
গাড়ি পরিদর্শনের পরে নির্মাতা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর চেয়ারম্যান এ মান্নান হোসেন খান ও ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবিরকে নিয়ে প্রধানমন্ত্রীর তার নিজ দপ্তরে যান। সেখানে ইভি গাড়ির বাজারজাতকরণ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পরে নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান বলেন, গাড়িগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও কিছু কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এসব কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা পেলে আরও কম খরচে গাড়ি বাজারবাজাত করা সম্ভব হবে।

ফয়েজ আহমদ
১ মাস আগেগাড়ি গুলোর পুরা ছবি দিলে মনে হয় গাড়ির জাত চলে যেত।