এলপিএলে সরাসরি চুক্তিতে একই দলে সাকিব-তাসকিন

এলপিএলে সরাসরি চুক্তিতে একই দলে সাকিব-তাসকিন

ফন্ট সাইজ:

বয়সের কোটা ৩৯ পেরিয়ে গেলেও বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো সমান জনপ্রিয় সাকিব আল হাসান। এবার সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লীগের (এলপিএল) দল জাফনা কিংসে নাম লেখালেন বাংলাদেশের এ সাবেক অধিনায়ক। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ। একই দলে খেলবেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবকে ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো’ আখ্যা দিয়ে এলপিএল লেখে, ‘আসন্ন এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তি করেছেন সাকিব আল হাসান। যখন দলের স্থায়িত্ব প্রয়োজন, তখন তার ব্যাট থেকে রান আসে। আবার ব্রেকথ্রুর প্রয়োজনে বল হাতে উইকেট এনে দেন তিনি। চরম চাপের মুখেও তার আত্মসংযম অনন্য।’ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে প্রশংসায় ভাসিয়ে এলপিএল আরও লেখে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ একজন অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করে জাফনা কিংস ইতিমধ্যে তাদের শক্তিশালী লাইনআপে আরও বাড়তি শক্তির যোগান দিলো।’ এলপিএলের পাঁচ আসরের চারটিতেই শিরোপা জিতেছে জাফনা। যদিও প্রথম ট্রফির সময় দলটির নাম ছিল জাফনা স্ট্যালিয়ন্স। পরবর্তীতে জাফনা কিংস নামেই তারা শিরোপা তুলে ধরে তিন আসরে।

এর আগে একবারই এলপিএলে অংশ নেন সাকিব। ২০২৩ আসরে তিনি মাঠ মাতান গল টাইটান্সের হয়ে। সেবার ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান ও বল হাতে ১০ উইকেট নিয়ে অবদান রাখেন তিনি। তাসকিনকে দলে নেয়ার কারণ ব্যাখা করে এলপিএল জানিয়েছে, ‘জাফনা পেস আক্রমণ যুক্ত করল আগুন ঝরানো শক্তি।’ কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ২০২৪ সালে খেলেছিলেন তাসকিন।

আগামী ১৭ই জুলাই হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। তার আগে ১লা জুন হবে প্লেয়ার্স ড্রাফট। ৩১০ খেলোয়াড়ের এই ড্রাফটে বাংলাদেশের ৪৮ জন থাকছেন। তবে কারো নাম প্রকাশ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সবচেয়ে বেশি ১২০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন পাকিস্তান থেকে। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৭৫ জন, সাউথ আফ্রিকা ৬৮, নিউজিল্যান্ড ৪১, অস্ট্রেলিয়ার ২৪, ইংল্যান্ড ১৫ এবং ভারতের ১২ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। আইসিসির পূর্ণ সদস্যের দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মতো সহযোগী দেশ থেকেও ক্রিকেটাররা নিবন্ধন করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন