শেষ রাউন্ডের রোমাঞ্চে রানার্সআপ হওয়ার লড়াই ছিল আবাহনী লিমিটেড ও ফর্টিস এফসির মধ্যে। দুই দলের পয়েন্ট ও গোল ব্যবধান সমান থাকায় গতকাল মাঠের লড়াইয়ের পাশাপাশি চলে টেবিলের হিসাবনিকাশ। শেষ দিনে এসে আবাহনী সেই হিসাবকে সহজ করে দিলো। আরামবাগ ক্রীড়া চক্রকে ৪-০ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লীগে (বিএফএল) রানার্সআপ হয়েছে আকাশি-নীল শিবির।
এদিন পিডব্লিউডির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে ফর্টিস এফসি। তারা পয়েন্ট হারানোর টেবিলের দ্বিতীয় স্থান হয় আবাহনীর। লীগে শেষ পাঁচ মৌসুমে চতুর্থবার রানার্সআপ হলো ধানমণ্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি। ১৮ ম্যাচের লীগ শেষে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সংগ্রহ ৪১ পয়েন্ট। রানার্সআপ আবাহনী লীগ শেষ করলো ৩৭ পয়েন্ট নিয়ে। আর শেষ ম্যাচে ড্র করা ফর্টিস ৩৫ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। মানিকগঞ্জে ৪৩ মিনিটে আকাশি-নীলদের লিড এনে দেন এমেকা ওগবুক। ৮২ মিনিটে শেখ মোরসালিনের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন সুলেমান দিয়াবাতে। ৮৮ মিনিটে আরামবাগ ডিফেন্ডার নিক্সন চাকমা নিজেদের জালেই বল ঢুকিয়ে দিলে ৩-০ গোলে এগিয়ে যায় আবাহনী। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন শেখ মোরসালিন। গাজীপুরে ডেডলক ভাঙেন পিডব্লিউডির মিডফিল্ডার নাজমুল হুদা ফয়সাল। ৪৯ মিনিটে মোহাম্মাদ স্বাধীনের বাড়ানো বল থেকে ফর্টিসের জাল কাঁপান তিনি। পাঁচ মিনিট পর ঘানার মিডফিল্ডার একোয়া কোয়াদাওয়ের গোলে ব্যবধান দ্বিগুণ করে পিডব্লিউডি। ৬৯ মিনিটে ফর্টিসের হয়ে এক গোল শোধ দেন স্বাধীন নিঝুম। পাঁচ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ২-২ করেন গাম্বিায়ান ফরোয়ার্ড পা ওমর বাবু।
দিনের আরেক ম্যাচে কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের জয়ের নায়ক সৌরভ দেওয়ান। তিনি একাই করেন চার গোল। বাকি দুটি গোল করেন মোজাফফর মোজাফফরভ ও সাইফুল হোসাইন। গতবারের চ্যাম্পিয়নরা এবার লীগ শেষ করলো পঞ্চম স্থানে থেকে। লীগের শেষ দিনে চূড়ান্ত হয়েছে অবনমনের ভাগ্যও। বাংলাদেশ ফুটবল লীগে তলানিতে থাকায় ফকিরেরপুল ইয়ংমেনস (১০ পয়েন্ট) ও আরামবাগ ক্রীড়া চক্র (১৪ পয়েন্ট) অবনমিত হয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপ লীগে খেলবে
