প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ৪০ টাকা কমানো হয়েছে। শনিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ ৭ই মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২ টাকা ৩৫ পয়সা কমানো হয়। এর আগে ৭ই এপ্রিল প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল প্রায় ২৫ টাকা। এর আগে, গত ২৪শে মার্চ জেট ফুয়েলের দাম ৯০ টাকা বাড়ানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েল ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম কমানো হয়। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, ২৩শে মে এই দামের বিষয়ে কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। বিস্তারিত পর্যালোচনান্তে ৫ই মে থেকে ২১শে মে সময়ে জেট এ-১ এর প্রকাশিত প্লাটস রেট (আন্তর্জাতিক বাজারের দাম) গড়, বিপিসি এর এলসি সেটেলমেন্ট এ মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের এর বিদ্যমান মূল্য বিবেচনায় মে মাসের মধ্যবর্তী সময়ের জন্য জেট এ-১ এর মূল্যহার কমিশনের মাধ্যমে সমন্বয় করা হলো।
