ইবোলা আতঙ্ক

বিশ্বকাপে ২১ দিনের আইসোলেশনে থাকবে কঙ্গো

ফন্ট সাইজ:

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপ ডিআর কঙ্গোর অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি কড়া স্বাস্থ্যবিধি মেনে কঙ্গো জাতীয় দলকে অবিলম্বে ২১ দিনের আইসোলেশনে থাকতে হবে। অন্যথায় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি হারাবে তারা। শুক্রবার ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন হোয়াইট হাউস ওয়ার্ল্ড কাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকার ফিফা, কঙ্গো জাতীয় দল এবং কঙ্গো সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, দলটিকে বর্তমানে বেলজিয়ামে চলমান তাদের অনুশীলন ক্যাম্পেই একটি সুরক্ষিত ‘বায়ো-বাবল’ বা জৈব-সুরক্ষা বলয় তৈরি করে অবস্থান করতে হবে।

এ প্রসঙ্গে জুলিয়ানি বলেন, ‘আমরা কঙ্গোকে খুব স্পষ্টভাবে জানিয়েছি যে, ১১ই জুন হিউস্টনে আসার আগে তাদের অবশ্যই ২১ দিন এই বাবলের সততা ও কঠোরতা বজায় রাখতে হবে। আমরা কঙ্গো সরকারকেও পরিষ্কার বার্তা দিয়েছি। তারা যদি এই বাবল বজায় রাখতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি হারানোর ঝুঁকিতে পড়বে। এর চেয়ে পরিষ্কার করে বলা আমাদের পক্ষে সম্ভব নয়।’ জুলিয়ানি জোর দিয়ে জানান, বিশ্বকাপের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র কোনো আপস করবে না। কঙ্গো দলের সব খেলোয়াড় এবং ফরাসি কোচ সেবাস্তিয়ান দেসাব্রে মূলত আফ্রিকার বাইরে (অধিকাংশ ফ্রান্সে) থাকেন। তবে কঙ্গো ভিত্তিক কিছু স্টাফ সমপ্রতি দেশ ছেড়েছেন।

এই বিষয়ে সতর্ক করে জুলিয়ানি বলেন, ‘যদি অন্য কোনো ব্যক্তি দলে যোগ দিতে আসেন, তবে মূল দল থেকে তাদের আলাদা বাবলে থাকতে হবে। তারা আসার পর যদি কারও মধ্যে উপসর্গ দেখা দেয়, তবে পুরো দলেরই এই বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হবে।’ কঙ্গোয় সমপ্রতি ইবোলার বিরল ‘বুন্দিবুগিও’ ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা ইতিমধ্যে ১৩০ জনেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। মার্কিন সিডিসি জানিয়েছে, গত তিন সপ্তাহে কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানে থাকা কোনো বিদেশি নাগরিক আগামী ৩০ দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এমন পরিস্থিতিতে কঙ্গো তাদের দেশের মাটিতে নির্ধারিত তিন দিনের ক্যাম্প বাতিল করেছে। সূচি অনুযায়ী, আগামী ১৭ই জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা কঙ্গোর। তবে তার আগে এই ২১ দিনের আইসোলেশন শর্ত পূরণ করাই এখন আফ্রিকার দলটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন