আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত ‘নারী ইমার্জিং নেশনস ট্রফি’র আগামী আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৫ সালে ৮টি সহযোগী দেশ নিয়ে এই টুর্নামেন্টের প্রথম আসর বসেছিল। তবে সেবার বাংলাদেশ দল ছিল না। এবার টুর্নামেন্টের পরিধি বাড়িয়ে ১০ দলের করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। শুক্রবার আইসিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী নভেম্বরে বসবে এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর। এবার আট দলের পরিবর্তে খেলবে ১০টি দল। যার মধ্যে ৫টি টেস্ট খেলুড়ে দেশ। দলগুলো হচ্ছে-বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও পাপুয়া নিউগিনি। টুর্নামেন্টের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ২০২৫ সালের নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম আসরে নেট রানরেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক থাইল্যান্ড। গত বছরের সেপ্টেম্বর থেকে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হয়েছিল নারী ওয়ানডে বিশ্বকাপ। পাকিস্তান ক্রিকেট দল ভারতে না খেলে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলেছিল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ জিতে ভারত। সাত মাস পর আইসিসির আরেক ইভেন্ট হচ্ছে ইংল্যান্ডে। ১২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডে হবে ১২ই জুন থেকে ৫ই জুলাই পর্যন্ত। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় চলবে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। যদিও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আগেভাগেই শেষ হচ্ছে। আর আগামী বছর নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হতে পারে বাংলাদেশে।
ইমার্জিং নেশনস ট্রফিতে খেলবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
খেলা
১ মাস আগে
২৩ মে (শনিবার), ২০২৬, ৮ঃ২৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
