চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৯০

চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৯০

ফন্ট সাইজ:

চীনের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। শুক্রবার কিনইউয়ান কাউন্টির লিউশেনইউ কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বিস্ফোরণের সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এখনো জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। এটি গত এক দশকের মধ্যে চীনের সবচেয়ে প্রাণঘাতী খনি দুর্ঘটনাগুলোর মধ্যে একটি বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের কিছুক্ষণ আগেই খনিতে কার্বন মনোক্সাইডের সতর্ক সংকেত জারি করা হয়েছিল। কয়েকটি সূত্রের দাবি, খনির ভেতরে গ্যাসের মাত্রা নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছিল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএন জানিয়েছে, খনির দায়িত্বে থাকা কর্মকর্তাকে আটক করা হয়েছে।

বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। শানসি প্রদেশ চীনের প্রধান কয়লাখনি অঞ্চল হিসেবে পরিচিত। গত বছর শুধু এই প্রদেশ থেকেই একশো কোটি টনের বেশি কয়লা উত্তোলন করা হয়েছে। যা দেশটির মোট উৎপাদনের প্রায় তিন ভাগের এক ভাগ। বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদক ও ভোক্তা দেশ চীন। তবে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশটির কয়লাখনিগুলো বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে গণ্য করা হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন