২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র সপ্তাহ তিনেক। ঠিক এমন মূহূর্তে বড়সড় এক ধাক্কা খেলো আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের তারকা গোলকিপার এবং গত বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এমিলিয়ানো মার্টিনেজ আঙুলের চোটে পড়েছেন। ফলে আগামী ১৬ই জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে।
অ্যাস্টন ভিলার হয়ে উয়েফা ইউরোপা লীগের ফাইনালের আগে অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পান মার্টিনেজ। চোটটি মূলত ছোট একটি ফ্র্যাকচার। অবশ্য সেই তীব্র অস্বস্তি নিয়েই গত বুধবার ফ্রাইবার্গের বিপক্ষে ফাইনালে মাঠে নামেন ৩৫ বছর বয়সী মার্টিনেজ। দলকে ৩-০ গোলের জয় এনে দিতে দারুণ ভূমিকা রাখেন তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে মার্টিনেজের প্রায় ২০ দিন সময় লাগতে পারে। আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তার সম্পূর্ণ ফিট হয়ে ওঠা কঠিন হলেও অসম্ভব নয়।
তবে চিকিৎসকরা এখনই এ আর্জেন্টাইন তারকার খেলার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না। কোচ লিওনেল স্কালোনিও মার্টিনেজকে নিয়ে কোনো তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে নারাজ। দীর্ঘ টুর্নামেন্টের কথা মাথায় রেখে প্রয়োজনে প্রথম ম্যাচে তাকে বিশ্রামেও রাখা হতে পারে। ইউরোপা লীগের ফাইনালের পর ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘অনুশীলনে আমার আঙুল ভেঙে যায়। তবে সব কিছুরই ভালো দিক আছে। আমি সারাজীবন এমন পরিস্থিতির মধ্য দিয়েই খেলেছি, এখনও খেলছি।’
এই অনিশ্চয়তার মাঝেই নিশ্চিত হওয়া গেছে যে, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দু’টি প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না বাজপাখি খ্যাত মার্টিনেজ। আগামী ৬ই জুন হন্ডুরাস এবং ৯ই জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাই দর্শক হয়েই থাকতে হবে তাকে। মার্টিনেজের জায়গায় রিভার প্লেটের গোলকিপার সান্তিয়াগো বেলত্রানকে বাজিয়ে করে দেখতে পারেন স্কালোনি।
কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে কোলো মুয়ানির সেই অবিস্মরণীয় শট ফিরিয়ে দেয়া অথবা টাইব্রেকারে কিংসলে কোমানের পেনাল্টি ঠেকানো মার্টিনেজ আর্জেন্টিনার অন্যতম প্রধান চালিকাশক্তি। নিজের ক্যারিয়ারের সাতটি ফাইনালের সবকটিতে জেতা এই ‘লাকি চার্ম’ গোলরকিপারের চোট স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আর্জেন্টিনা সমর্থকদের।
