মাঠের পারফরম্যান্স যেমনই হোক, আয়ের অঙ্কে বিশ্বসেরা অ্যাথলেটদের রাজত্ব অক্ষুণ্ণ রয়েছে। সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের ‘ফোর্বস’ সাময়িকীর বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদদের তালিকায় টানা চতুর্থবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সবাইকে চমকে দিয়ে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন মেক্সিকান বক্সিং তারকা ক্যানেলো আলভারেজ।
গেল বছর ৩৫ বছর বয়সী আলভারেজের জন্য খুব একটা ভালো যায়নি। টেরেন্স ক্রফোর্ডের কাছে হেরে সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নশিপ হাতছাড়া করা এই বক্সার বছর শেষ করেন ১-১ ব্যবধানে। তবে মাঠের সেই হতাশা তিনি ভুলতে পারেন ব্যাংক ব্যালেন্স দেখে। গত বছর ক্যানেলো আয় করেছেন ১৭০ মিলিয়ন মার্কিন ডলার, যার ১৬০ মিলিয়নই এসেছে ফাইটের প্রাইজমানি থেকে।
তবে আয়ের এই পাহাড়ও স্পর্শ করতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোকে। ৩০০ মিলিয়ন ডলার আয় নিয়ে তিনি আছেন ধরাছোঁয়ার বাইরে। তালিকার তিনে অবস্থান করছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার আয় ১৪০ মিলিয়ন ডলার। এরপর যথাক্রমে আছেন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস (১৩৭.৮ মিলিয়ন ডলার) এবং বেসবল তারকা শোহেই ওহতানি (১২৭.৬ মিলিয়ন ডলার)।
