নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা, আহত ৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা, আহত ৬

ফন্ট সাইজ:

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে হামলা করা হয়েছে। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপে এনসিপি কর্মী আসিফ, জাহিদ, আল আমিন, সাগর, এনামুল কবীর ও মুদাচ্ছের আহত হন। গতকাল দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

এর প্রতিবাদে এনসিপি নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এনসিপি’র যুগ্ম সদস্য সচিব ও ঝিনাইদহ পৌর সভার মেয়র প্রার্থী তারেক রেজা জানান, শুক্রবার ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। কথা বলার একপর্যায়ে সাহেদের পেছন থেকে ছাত্রদল কর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে আচমকা ডিম নিক্ষেপ করে। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উভয়পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মারামারির সূত্রপাত হয়। এতে এনসিপি’র স্থানীয় কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। ছাত্রদলের নেতাকর্মীরা ডিম ও ইটপাটকেল ছুড়ে হামলা করে বলে এনসিপি’র অভিযোগ।

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ গণমাধ্যমকে বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলা সফরে গিয়ে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি ঝিনাইদহে এসেছেন শুনে আমি তার সঙ্গে সাক্ষাৎ করে এ ধরনের বক্তব্য না দেয়ার অনুরোধ করতে গিয়েছিলাম। কিন্তু সেখানে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তার ওপর ডিম নিক্ষেপ করে। এই মারামারি বা ডিম নিক্ষেপের ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।’

হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, আইনমন্ত্রী এবং ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি আব্দুল মজিদের মদতপুষ্ট লোকজনই এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে। তিনি বলেন, আমাদের ওপর পরিকল্পিতভাবে ডিম নিক্ষেপ ও হামলা করা হয়েছে, যাতে আমাদের ৫-৬ জন কর্মী গুরুতর আহত হয়েছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার চাই। আইনমন্ত্রীর নিজস্ব এলাকাতেই যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির এই চরম অবনতি হয়, তবে তার পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই।

আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী উভয়ের পদত্যাগ দাবি করছি। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিঝুম জানান, ইটপাটকেলের আঘাতে ৫-৬ জন যুবক হাসপাতালে এসেছিলেন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অনেকের শরীর দিয়ে রক্ত ঝরছিল। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, নামাজ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করা হয়।

তাদের অভিযোগ ছাত্রদল এই হামলার সঙ্গে জড়িত। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তিনি জানান, ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছিলেন। তারা লিখিত অভিযোগ বা মামলা করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Mustafa Zia Ahsan

১ মাস আগে

যমুনা টিভিতে সে বলেছে হকি স্টিক নিয়ে তার উপর হামলা হয়েছে - একটা মিথ্যুক ।

Mustafa Zia Ahsan

১ মাস আগে

সে একটা ডাহা মিথ্যুক কেউ হকি স্টিক নিয়ে ছিলো না - নাসির একটি চামড়া হিন বেহায়া সে খবরের শিরোনাম হওয়ার জন‍্য নানান অভিনয় করছে।এই বজজাত ছেলেটা উগ্রবাদীর উৎকৃষ্ট উদাহরণ সে সমাজে অশান্তি সৃষ্টি করে নূতন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত। গাজা খোরদের পেছনে কারা আছে তা বের করতে হবে ।

Mustafa Zia Ahsan

১ মাস আগে

He deserves this.

মন্তব্য করুন