জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেডকোচ হিসেবে থমাস ডুলিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল বাফুফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলা ডুলি গতকাল সকালে ঢাকায় পা রাখেন। জার্মান বংশোদ্ভূত এ ৬৫ বছর বয়সী কোচকে রোববার থেকে জাতীয় দলের ক্যাম্পে দেখা যেতে পারে। ৫ই জুন সানমারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডুলির বাংলাদেশ অধ্যায়।
থমাস ডুলির জন্ম ১৯৬১ সালের ১২ মে জার্মানির বেচহোফেনে। তার বাবা ছিলেন আমেরিকান সেনাবাহিনীর সদস্য এবং মা জার্মান। পুরো শৈশব-কৈশোর জার্মানিতে কাটানো ডুলি জার্মান ফুটবলের পরিবেশেই বেড়ে ওঠেন। জন্ম জার্মানিতে হলেও টমাস ডুলির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। এই সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার দেশটির হয়ে ৭ বছরে ৮১টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৭টি। ১৯৯৪ সালের বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের হয়ে চার ম্যাচেই মাঠে ছিলেন তিনি। চার বছর পর, ১৯৯৮ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেন অধিনায়ক হিসেবে। ক্লাব ফুটবলেও ডুলির প্রোফাইল বেশ সমৃদ্ধ। খেলেছেন বায়ার লেভারকুসেন ও শালকের মতো নামী জার্মান ক্লাবে। ১৯৯৭ সালে শালকের হয়ে উয়েফা কাপ (বর্তমান ইউরোপা লীগ) জয়ের স্বাদ পান।
এর আগে ১৯৯০-৯১ মৌসুমে এফসি কাইজারস্লটার্নের হয়ে উঁচিয়ে ধরেন বুন্ডেসলিগা শিরোপা। খেলোয়াড়ি জীবনের পর ডুলির কোচিং ক্যারিয়ারও বেশ নজরকাড়া। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মার্কিন জাতীয় দলের ডাগআউটে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের সহকারী ছিলেন তিনি। এরপর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফিলিপাইন জাতীয় দলের। ২০২২ সালেও সংক্ষিপ্ত সময়ের জন্য ফিলিপাইনের কোচ হিসেবে ফেরেন তিনি। শুধু কোচিং নয়, ভিয়েতনামের ভি-লিগের ক্লাব ‘ভিয়েতলে’-এর স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন ডুলি। আর বাংলাদেশ জাতীয় দলের হাল ধরার আগে সর্বশেষ খেলোয়াড়দের দিকনির্দেশনা দিয়েছেন গায়ানা জাতীয় দলকে। তারপর থেকেই ডুলির নাম আলোচনায় আসে। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম এই নিয়োগকে ইতিবাচকভাবেই দেখছেন।
তিনি বলেন, ‘এক্স ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন, দুটি জাতীয় দলের কোচ, ইউরোপিয়ান লীগে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ক্লিন্সম্যানের মতো কোচের সঙ্গে সহকারী হিসেবে কাজ করার সুযোগ...এ ধরনের একজন কোচ বাংলাদেশের হেড কোচ হিসেবে এসেছেন, আমি বিশ্বাস করি ইটস এ গুড এচিভমেন্ট অর গুড স্টেপ ফর দা প্রেজেন্ট বাংলাদেশ ফুটবল।’ থমাস ডুলিকে হামজা-জামালদের কোচ নিয়োগের ঘোষণায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, কোচ ডুলি একটি দল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ দক্ষ এবং এশিয়ার ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কে তার রয়েছে গভীর ধারণা। বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল এক দলে পরিণত করার লক্ষ্য নিয়েই এবার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন ডুলি। এর আগে বাফুফে ২ বছরের জন্য কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। যার বিপরীতে আড়াইশ’র বেশি সিভি থেকে একটি বিশেষ বাছাই কমিটি ২২ জনের তালিকা জাতীয় দল কমিটিকে দেয়। সেখান থেকে ১১ জনের আরেকটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। সেই ১১ জনের সাক্ষাৎকার নেয় ফেডারেশনের কর্তারা। ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ বেশি থাকলেও পরবর্তীতে এজেন্ট ফি নিয়ে জটিলতায় আর হয়নি। আলোচনায় ছিলেন ব্রেন্ডন স্টোকসও, তবে তার পরিবর্তে ডুলিকে বেছে নিলো বাফুফে।
