পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর আপাতত ঢাকা প্রিমিয়ার লীগের সপ্তম রাউন্ডে খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর সবাই ঈদুল আজহার ছুটিতে যাবেন । ছুটি শেষ হতেই আবারো জাতীয় দলের অনুশীলনে ফিরবেন লিটন-মিরাজরা।
সাদা বলের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল। সফরে দুই দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। সেরা ক্রিকেট খেললে সফরকারীদের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন টাইগার ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, ‘আমরা যেভাবে গত তিনটা সিরিজ খেলছি আমি বিশ্বাস করি যে আমাদের খেলোয়াড়রা যদি তাদের সেরা ক্রিকেট খেলে, তিনটা বিভাগই ভালো করে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ধরে ধরে চিন্তা করে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ।’ সর্বশেষ ২০২১ সালের আগস্টে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজে নাস্তানাবুদ হয়েছিল অজিরা।
প্রায় পাঁচ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে পা রাখছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠের চেনা কন্ডিশন এবারও বাংলাদেশের পক্ষে কথা বলবে বলে বিশ্বাস করেন আশরাফুল। তবে অতিথিরা যে পূর্ণ প্রস্তুতি নিয়েই আসছে, তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এইবারও অবশ্যই আশা থাকবে, কারণ তারা আমাদের মাঠে খেলবে। যদিও তারা আসার আগে পাকিস্তানে তিনটি ম্যাচ খেলে ভালো প্রস্তুতি নেবে।’ সিরিজ জেতা যে সহজ হবে না সেটাও শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন আশরাফুল। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ অবশ্যই কঠিন হবে। আমরা ২০০৫ সালে কার্ডিফে জিতেছিলাম, এরপরে আসলে আর কখনোই জেতা হয়নি। যদিও অত বেশি ম্যাচ খেলিনি, অল্প ম্যাচ খেলেছি; কিন্তু আর জেতা হয়নি। আমি যখন অধিনায়ক ছিলাম, একবার কাছাকাছি গিয়েছিলাম।’ ২০০৮ সালে ডারউইন সফরে জয়ের খুব কাছে গিয়েও আক্ষেপের গল্প শোনান সাবেক টাইগার অধিনায়ক। আশরাফুল বলেন, ‘২০০৮ সালে আমরা অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, তাদের ১৯৮ রানে অলআউট করেছিলাম। ওই ম্যাচটা তামিম অর্ধশতক করেছিল, সাকিবও ভালো করে, কিন্তু জিততে পারিনি। ওই একটা ম্যাচই মনে হয় আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম, যেটা আমাদের জেতার মতো ছিল।’
