ডিপিএলে নতুন হাওয়া, ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

ডিপিএলে নতুন হাওয়া, ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

ফন্ট সাইজ:

পাকিস্তান সিরিজের ঐতিহাসিক সাফল্যের রেশ এখনো টাটকা। তবে উদযাপনের দম ফেলার ফুসরত নেই জাতীয় দলের তারকাদের। আজই তারা মাঠে ফিরছেন। দেশের মর্যাদাপূর্ণ ঘরোয়া ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লীগে যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঈদুল আজহার বিরতির আগে আজ মাঠে গড়াবে লীগের সপ্তম রাউন্ড। ১২ দলের ছয় লড়াই শুরু সকাল ৯টায়। এ রাউন্ডে জাতীয় দলের তারকাদের উপস্থিতি ডিপিএলে ছড়াচ্ছে বাড়তি ঝাঁজ ও রোমাঞ্চ।

ষষ্ঠ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট তাদের। সপ্তম রাউন্ডে মোহামেডানের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব। যারা ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দশে অবস্থান করছে। গুলশানের বিপক্ষে ম্যাচে লড়াই মোহামেডান জাতীয় দলের চার ক্রিকেটারকে পাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সিরিজসেরা হওয়া মুশফিকুর রহীম দলের সঙ্গে যোগ দিয়েছেন। বোলিং বিভাগেও দলটির শক্তিমত্তা বাড়ছে। পেসার তাসকিন আহমেদ ও এবাদতের সঙ্গে স্পিনার তাইজুল ইসলামও থাকবেন। মোহামেডানের সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে দুইয়ে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। এ ম্যাচে প্রাইম ব্যাংকের ব্যাটিং শক্তি বাড়াতে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন সিলেটে জাতীয় দলের হয়ে অভিষেক টেস্ট খেলা তানজিদ হাসান তামিম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীও শিরোপার দৌড়ে মোহামেডানকে টক্কর দিচ্ছে। ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে তিনে আকাশি-হলুদরা।

সপ্তম রাউন্ডে তাদের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এ ম্যাচে খেলবেন পাকিস্তান সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিজেন্ডস অব রূপগঞ্জ সপ্তম রাউন্ডে পাচ্ছে লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজকে। দুজনেই পাকিস্তানের বিপক্ষে দারুণ খেলা উপহার দিয়েছেন। টেবিলের চারে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ ছয় নম্বরে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স। নিজেদের সবশেষ ম্যাচে ১ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয়া রূপগঞ্জ টাইগার্স খেলবে ঢাকা লেপাডর্সের বিপক্ষে। ছয় ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচে লেপাডর্স। বিকেএসপির তিন নম্বর মাঠে বসুন্ধরা স্ট্রাইকার্সের প্রতিপক্ষ ৬ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া ব্রাদার্স ইউনিয়ন।

লীগে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের শাহাদাত হোসেন দিপু। ৭১.৮০ গড়ে ৩৫৯ রান করে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে ডানহাতি এ ব্যাটার। দুইয়ে থাকা আশিকুর রহমান শিবলি তার থেকে ২৪ রান কম করেছেন। ৬ ম্যাচে ৩৩০ রান করে তিনে রয়েছেন মোহামেডানের ওপেনার নাঈম শেখ। বোলিংয়ে দাপট দেখিয়েছেন মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। ৬ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন তিনি। দুইয়ে থাকা সিটি ক্লাবের আব্দুল গাফফার সাকলাইন তার চেয়ে ৪ উইকেট কম শিকার করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন