বাংলাদেশকে শীর্ষ ১৫০-এ নিতে চান নতুন কোচ

বাংলাদেশকে শীর্ষ ১৫০-এ নিতে চান নতুন কোচ

ফন্ট সাইজ:

ঘড়ির কাঁটায় তখন বিকাল। দেশের ক্রীড়াঙ্গনের শত শত চ্যাম্পিয়ন তারকা আর ক্রীড়া সাংবাদিকদের করতালিতে মুখরিত অনুষ্ঠানস্থল। মঞ্চে দাঁড়িয়ে নতুন এক স্বপ্নের কথা শোনালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নবনিযুক্ত প্রধান কোচ থমাস ডুলি। গতকাল সকালে ঢাকায় পা রাখার পর বিকালে যোগ দেন ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে।

সেখানে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের পরিকল্পনা শোনান ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলকে নেতৃত্ব দেয়া এই সাবেক ফুটবলার। তিনি বলেন ,‘বাস্তবসম্মত লক্ষ্য হলো দলটিকে এমন একটি অবস্থানে নিয়ে যাওয়া যাতে তারা আরও বেশি নজর কাড়তে পারে এবং সুন্দর ফুটবল খেলতে পারে। আমার লক্ষ্য হলো র?্যাঙ্কিংয়ে ১৬০ বা ১৫০-এর মধ্যে চলে আসা। এটা রাতারাতি হবে না। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। ১৬০-এর নিচে নামাটা বাস্তবসম্মত, তবে তা আগামীকালই সম্ভব নয়, হয়তো এক বছরের মধ্যে সম্ভব।’ বাংলাদেশ দলের খেলার কৌশল কেমন হবে, সেই ধারণা দেন ডুলি। নিজের দর্শন তুলে ধরে নতুন কোচ বলেন, ‘আমি ফুটবল খেলতে পছন্দ করি, ফুটবলের পেছনে দৌড়াতে (বল তাড়া করতে) পছন্দ করি না। আমি আমার খেলোয়াড়দেরও এটাই বলছি। বল তাড়া করা জিনিসটা আমি পছন্দ করি না। কারণ তখন আপনাকে শুধু শুধুই দৌড়াতে হয় বলটি ফিরে পাওয়ার জন্য, আর অধিকাংশ সময় আপনি বল ফেরতও পাবেন না। আমি বল পায়ে রেখে খেলতে পছন্দ করি।’ ফুটবলে সাফল্য পেতে পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে বলে জানান ডুলি। তিনি বলেন, ‘এখানে উপস্থিত সকল বিজয়ী তারকারা প্রত্যেকেই এই জায়গায় আসতে কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করেছেন।

পুরস্কার পাওয়ার আগে কঠোর পরিশ্রম করতে হবে। জীবনে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে কিছু না কিছু ত্যাগ করতেই হবে। আর যারা সেটা করতে রাজি আছে, তাদের নিয়ে আমরা সফল হতে পারবো।’ বাংলাদেশের মানুষের ফুটবল আবেগ নিয়েও সচেতন নতুন কোচ। এখানকার সমর্থকদের চাপ সামলানোর বিষয়ে ডুলি হেসে বলেন, তিনি জার্মানি থেকে এসেছেন এবং সেখানেও ফুটবল নিয়ে উন্মাদনা একই রকম। তিনি বলেন, ‘এখানে (বাংলাদেশে) আমাদের প্রায় দশ লাখ (১ মিলিয়ন) কোচ ঘরের বাইরেই ঘোরাঘুরি করছে! তারা সবাই ফুটবলটা বোঝে। এটা ভালো কথা, খুবই গুরুত্বপূর্ণ।’ সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ফুটবল ভক্তদের সাড়ায় মুখরিত তার প্রোফাইল। এ প্রসঙ্গে ডুলি বলেন, ‘ইতিমধ্যেই বাংলাদেশ থেকে আমার এক মিলিয়ন বন্ধু হয়ে গেছে! তবে হ্যাঁ, আমি ফেসবুকে সাবধানেই আছি।’


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন