মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে এক ধরনের ‘ফাঁদে’ আটকে আছে- যা দেশ দুইটিকে কূটনৈতিক সমাধানের দিকে যেতে পারে, আবার অন্যদিকে ফের যুদ্ধও শুরু হতে পারে। মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসন আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।
তিনি বলেন, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে, দুই দেশ শক্ত কোনো কূটনৈতিক পথে এগোচ্ছে, নাকি পরিস্থিতি আবারও সংঘাতের দিকে ফিরে যাবে।
তার মতে, সরাসরি বা পরোক্ষভাবে বর্তমানে যেসব আলোচনা চলছে তা মূলত একটি ‘ফ্রেমওয়ার্ক চুক্তি’ তৈরির চেষ্টা। হ্যারিসন জানান, এই প্রক্রিয়াটি কিছুটা ব্যাহত হচ্ছে রাজনৈতিক বক্তব্য ও অবস্থানের কারণে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর ভাষা ও আক্রমণাত্মক মন্তব্যের কারণে।
ইরানের অবস্থান প্রসঙ্গে হ্যারিসন বলেন, তেহরান আত্মসমর্পণের মতো কোনো অবস্থায় যেতে চায় না। তারা এমন একটি কৌশলগত অবস্থান তৈরি করতে চায়, যাতে যুদ্ধ শেষ হলেও তারা প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় এমন একটি ফলাফল, যেখানে তারা মনে করবে তাদের কিছু বাড়তি সুবিধা বা অর্জন হয়েছে।
বিশ্লেষকের মতে, এই পারস্পরিক অবস্থানই বর্তমানে উত্তেজনা বৃদ্ধির ফাঁদ তৈরি করছে, যেখানে উভয় পক্ষই ছাড় দিতে অনিচ্ছুক। ফলে পরিস্থিতি হয় একটি সীমিত কূটনৈতিক সমঝোতার দিকে যেতে পারে, নয়তো আবারও সামরিক সংঘর্ষের দিকে গড়াবে।
