শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন

শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন

ফন্ট সাইজ:

ঢাকার মিরপুরে হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজারে হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে দেওয়ানবাগ শরীফ। শুক্রবার বাদ জুমা আরামবাগের বাবে রহমত দেওয়ানবাগ শরীফের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, নির্বাচিত সরকার দায়িত্বে আসার পরও মাজার-দরবার ও সুফিপন্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া চরম দুঃখজনক বিষয়। তারা বলেন, আল্লাহর অলীদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। তাদের মাজার-দরবারে হামলা মানে ইসলামের ওপর আঘাত করা। একই সঙ্গে তারা বলেন, মাজার কেন্দ্র করে একটি অসাধু শ্রেণির অসামাজিক কার্যকলাপের নিন্দা জানিয়ে বলা হয়, আল্লাহর অলীদের মাজার-দরবার পবিত্র স্থান। এখানে সমাজবিরোধী কোনো কার্যক্রম হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সমাধানের আহ্বান জানান বক্তারা।

দেওয়ানবাগ শরীফের সমন্বয়ক ও মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা বলেন, এই দেশে সবাই শান্তিতে বসবাস ও যার যার ধর্ম পালনের সমান অধিকার রাখেন। আউলিয়াদের মাজার ও সুফিপন্থীদের ওপর হামলা আশেকে রাসুলরা নীরবে মেনে নেবেন না বলেও উল্লেখ করেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, প্রতিটি অলী-আল্লাহর মাজার আমরা দেওয়ানবাগ শরীফ পাহারা দেব। আপনারা আর কোনো অলীর মাজারে হামলা করার দুঃসাহস দেখাবেন না।

বিশ্ব সুফি সংস্থার কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আফতাব আলম জিলানী বলেন, কোনো সুফির দরবারে শিশু নির্যাতন, নারী নির্যাতনের ঘটনা ঘটেনি। কিন্তু যেসব প্রতিষ্ঠান থেকে দরবার-মাজারে হামলায় নেতৃত্ব দেয়া হয় সেখানে প্রতিনিয়ত শিশুরা যৌন নির্যাতনের পাশাপাশি নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এই দুশ্চরিত্রবানদের হাতে আমরা শান্তিপ্রিয় সুফিরা আর নির্যাতিত হব না। হযরত শাহজালাল (রহ.)-এর শিক্ষা নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব।
এসময় আরো বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. নাসির উদ্দিন সোহেল, দেওয়ানবাগ শরীফের সহকারী মুখপাত্র মো. জহিরুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ শিবলী নোমান, ইসলামী বক্তা আলহাজ মাওলানা সাব্বির আহমাদ ওসমানী প্রমুখ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন