১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলবে নরওয়ে। প্রায় তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে এবারের আসরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করলো ভাইকিংসরা। তবে এই স্কোয়াড ঘোষণায় ছিল এক অনন্য চমক। খোদ দেশটির ৮৯ বছর বয়সী রাজা পঞ্চম হ্যারাল্ড নিজেই আনুষ্ঠানিকভাবে এই বিশ্বকাপ দল ঘোষণা করলেন। রাজার ঘোষিত এই স্কোয়াডে প্রত্যাশিতভাবেই মূল আকর্ষণ হিসেবে রয়েছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং ব্রুট হালান্ড এবং আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড।
নরওয়ের প্রধান কোচ স্তালে সোলবাকেনের এই দলে ইংলিশ প্রিমিয়ার লীগের জয়জয়কার। দলটিতে প্রিমিয়ার লীগে খেলা মোট সাতজন ফুটবলার সুযোগ পেয়েছেন। হালান্ড এবং ওডেগার্ড ছাড়াও এ তালিকায় আছেন ফুলহ্যামের অস্কার বব ও স্যান্ডার বার্গ, ব্রেন্টফোর্ডের ক্রিস্টোফার আয়ার এবং উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ডিফেন্ডার ডেভিড মোলার উলফ। আক্রমণভাগে হালান্ডের সঙ্গী হিসেবে আছেন ক্রিস্টাল প্যালেসের জর্গেন স্ট্র্যান্ড লারসেন এবং অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা ফরোয়ার্ড আলেকজান্ডার সরলথ। এছাড়া লাইপজিগের মিডফিল্ডার আন্তোনিও নুসার অন্তর্ভুক্তি দলের শক্তি আরও বাড়িয়েছে।
দল নির্বাচন নিয়ে নরওয়ের প্রধান কোচ স্তালে সোলবাকেন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এই দলটির ভেতরের বোঝাপড়া মাঠ এবং মাঠের বাইর্তেউভয় জায়গাতেই চমৎকার। এটি সত্যি যে, ফুটবল সবসময় পরিবর্তনশীল। এবং আমাদের সেটি মাথায় রাখতে হবে। তবে আমার বিশ্বাস, আমরা এমন একটি দল দাঁড় করাতে পেরেছি, যা বিশ্বমঞ্চে দারুণ কিছু করতে সক্ষম।’ দল থেকে বাদ পড়া ফুটবলারদের প্রতি সহানুভূতি জানিয়ে কোচ আরও বলেন, ‘যারা দলে জায়গা পায়নি, তাদের নিয়েও হয়তো এই দলটি গঠন করা যেত। এটিই এই কাজের সবচেয়ে কঠিন এবং খারাপ দিক যে, কাউকে না কাউকেও আপনাকে হতাশ করতেই হবে।’ ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে শেষ ষোলোতে ইতালির কাছে হেরে বিদায় নেয় নরওয়ে। কাকতালীয়ভাবে, তাদের খেলা শেষ তিনটি বিশ্বকাপেই ইতালির হাতেই তাদের বিদায়ঘণ্টা বাজে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টনের মাঠে আগামী ১৬ জুন ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নরওয়ে। গ্রুপ ‘আই’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ সেনেগাল ও ফ্রান্স।
নরওয়ের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: ওরইয়ান হাসকিয়োল্ড নিলান্ড, এগিল সেলভিক, সান্ডার টাংভিক।
ডিফেন্ডার: জুলিয়ান রিয়ারসন, মার্কুস হোমগ্রেন পেদারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়ারকোন, ক্রিস্টোফার আয়ের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস, হেনরিক ফালখেনার।
মিডফিল্ডার: মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক অউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থর্সটভেডট, মর্টেন থরথবাই, থেলো আসগার্ড।
ফরোয়ার্ড: আর্লিং ব্রুট হালান্ড, আলেক্সান্দার সরলথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ, ইয়েন্স পেটার হাউগে।
