আসন্ন ঈদে গাবতলী রুটে যানজট মুক্ত করে জনদুর্ভোগ লাঘবের জন্য গাবতলী বাস টার্মিনালে বাইপাস সড়ক নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি)। গাবতলী ইন্টারসেকশন হতে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত ডেলিগেটেড বাস চলাচলের জন্য এই বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে। গাবতলী ইন্টারসেকশন থেকে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত ডেলিগেটেড বাস চলাচলের জন্য নির্মিত বাইপাস সড়ক প্রকল্পের আওতায় ডিএনসিসির প্রকৌশল বিভাগ ২৫০ মিটার সড়ক, নর্দমা, ফুটপাত, মিডিয়ান ও ৫০০ মিটার বাউন্ডারি ওয়াল নির্মান করছে। শুক্রবার এই সড়ক উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।
এসময় ডিএনসিসি প্রশাসক বলেন, টেকনিক্যাল মোড় হয়ে বাঙলা কলেজের ইউটার্ন এর কারণে গাবতলী বাস টার্মিনালে সর্বদা যানজট লেগে থাকে । যানজট নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ ডে-নাইট কাজ করে অল্প সময়ের মধ্যেই এই সড়ক নির্মাণ করেছে। এই সড়কটি উম্মুক্ত করার ফলে আন্তঃজেলা বাস সোজা বাইপাস হয়ে গাবতলী চলে যাবে এবং কিছুটা হলেও যানজট নিরসন করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, গাবতলী পশুর হাটের কারনে যানজট হবে না । কারণ ট্র্যাফিক ব্যবস্থাপনা বিভাগের সাথে কয়েকবার যৌথ সভার মাধ্যমে পশুর হাট ইজারাদারদের সমন্বয়ে নির্দেশিত শর্তের আলোকেই এ বছর কোরবানির পশু কেনা-বেচা হবে । ছোট ছোট ট্রাকে পশু নামাবে এবং প্রধান সড়কে দাঁড়াবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি,সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান প্রমুখ।
