ইরান হরমুজ নিয়ন্ত্রণে নিলে ভয়াবহ নজির হবে

আমিরাতের কড়া সতর্কবার্তা

ইরান হরমুজ নিয়ন্ত্রণে নিলে ভয়াবহ নজির হবে

ফন্ট সাইজ:

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ সতর্ক করে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তাহলে তা একটি ‘গুরুতর নজির’ তৈরি করবে। এতে এই অঞ্চলজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়বে। শুক্রবার (২২ মে) ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আনোয়ার গারগাশ বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথের যেকোনো পরিবর্তন শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপসহ বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থার ওপরও বড় ধরনের প্রভাব ফেলবে।

আমিরাতের এই ঊর্ধতন কর্মকর্তা জানান, অভিজ্ঞতা থেকে দেখা গেছে ইরান তার হাতে থাকা ‘যেকোনো অস্ত্র’ ব্যবহার করতে সক্ষম, আর দেশটির পারমাণবিক কর্মসূচি এখন আমাদের জন্য দ্বিতীয় বা তৃতীয় উদ্বেগ নয় বরং সবচেয়ে বড় উদ্বেগে পরিণত হয়েছে।

তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তবে আমিরাত রাজনৈতিক সমাধানের পক্ষেই রয়েছে।

কূটনৈতিক পথ খুঁজে বের করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, এটি যেন ভবিষ্যতে আরও জটিলতা তৈরি না করে। গারগাশ জানান, উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র এখন ‘মেরুদণ্ডের মতো কেন্দ্রীয় ভূমিকা’ রাখছে।

অন্যদিকে তিনি ইঙ্গিত দেন, তেলের উৎপাদন সীমার কারণে আরব আমিরাত ক্ষতির মুখে পড়ছে এবং দেশটি দীর্ঘদিন ধরেই ওপেক থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করেছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন