‘আবার দেখা হবে’, রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা আরবেলোয়ার

‘আবার দেখা হবে’, রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা আরবেলোয়ার

ফন্ট সাইজ:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন আলভারো আরবেলোয়া। আজ এক আবেগঘন সংবাদ সম্মেলনে অল হোয়াইটদের এ সাবেক তারকা জানান, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আগামীকাল স্প্যানিশ লা লিগার ম্যাচটিই তার শেষ ম্যাচ।

বিদায়ের বার্তা দিয়ে ৪৩ বছর বয়সী আরবেলোয়া বলেন, ‘অসীম কৃতজ্ঞতা নিয়ে আমি রিয়াল মাদ্রিদ ছাড়ছি। এখানকার খেলোয়াড়রা আমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছে, প্রতিটি দিনকে উপভোগ করতে শিখিয়েছে।’

ঘরের মাঠে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে অল হোয়াইটদের কোচ হিসেবে তার শেষ ম্যাচ। ভক্তদের জয় উপহার দেয়ার প্রত্যয় নিয়ে তিনি আরও বলেন, ‘আশা করি এটি কেবলই এক সাময়িক বিদায়। কারণ, এই ক্লাবকে আমি সবসময় নিজের ঘর ভেবেছি। রিয়ালে আমি দীর্ঘ ২০ বছর বিভিন্ন ভূমিকায় কাটিয়েছি। সোমবার থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাববো। বিগত চার মাসে আমি নিজেকে অনেক সমৃদ্ধ করেছি এবং যেকোনো নতুন চ্যালেঞ্জ নিতে এখন আমি পুরোপুরি প্রস্তুত।’

এদিকে সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটে আরবেলোয়ার স্থলাভিষিক্ত হতে চলেছেন জোসে মরিনহো। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ইতিমধ্যেই তার চুক্তি সম্পন্ন হয়েছে বলে জোরালো গুঞ্জন রটেছে। তবে মরিনহোর সহকারী হিসেবে থেকে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে আরবেলোয়া স্পষ্ট ভাষায় বলেন, ‘মরিনহোর নিজস্ব চমৎকার কোচিং স্টাফ রয়েছে। তিনি এলে নিজের দলবল নিয়েই আসবেন এবং সেটিই স্বাভাবিক। তার সঙ্গে আমার কাজ করার কোনো সম্ভাবনা নেই।’

রিয়ালের কোচ হিসেবে এটি হতে যাচ্ছে আরবেলোয়ার ২৮তম ম্যাচ। এখন পর্যন্ত তার অধীনে স্প্যানিশ জায়ান্টদের রেকর্ড ১৭ জয়, ২ ড্র এবং ৮ হার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন