মেক্সিকোতে পেলের বিশাল ভাস্কর্য উন্মোচন

মেক্সিকোতে পেলের বিশাল ভাস্কর্য উন্মোচন

ফন্ট সাইজ:

২০২৬ ফুটবল বিশ্বকাপের মহোৎসব শুরু হতে বাকি মাত্র তিন সপ্তাহ। এর আগে ফুটবল আমেজ আরও কিছুটা বাড়িয়ে দিলো এবারের সহ-আয়োজক দেশ মেক্সিকো। দেশটির ঐতিহ্যবাহী শহর গুয়াদালাহারায় উন্মোচন করা হলো সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের এক বিশাল ও মনোমুগ্ধকর ভাস্কর্য। ব্রাজিলিয়ান কিংবদন্তির ফুটবলীয় কীর্তি এবং ১৯৭০ বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে তার অবিস্মরণীয় অবদানকে স্মরণ করতেই এই বিশেষ উদ্যোগ নেয়া হলো।

২০২২ সালে ৮২ বছর বয়সে প্রয়াত হন ফুটবল ইতিহাসের একমাত্র ৩টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেলে। ১৯৭০ সালের সেই বিখ্যাত বিশ্বকাপ জয়ের মিশনে ব্রাজিলের প্রথম পর্ব, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় গুয়াদালাহারার ঐতিহ্যবাহী ‘এস্তাদিও জালিস্কো’ স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামটির ঠিক বাইরে ‘প্লাজা ব্রাজিল’ নামক পাবলিক স্কয়ারে স্থাপন করা হয়েছে এই ৩১ ফুট (৯.৫ মিটার) উঁচু বিশাল ভাস্কর্যটি।

ভাস্কর্যটি উন্মোচনকালে মেক্সিকোর জালিস্কো রাজ্যের গভর্নর পাবলো লেমুস আবেগঘন কণ্ঠে বলেন, ‘এই মহান খেলোয়াড়ের মহিমান্বিত মূর্তিটি জালিস্কোর জনগণ এবং সমস্ত দর্শনার্থীদের জন্য একটি দারুণ উপহার। পেলে গুয়াদালাহারাকে ভালোবাসতেন, আর ব্রাজিল দলও এর প্রেমে পড়েছিলো। কারণ, ১৯৭০ সালে মেক্সিকোর দর্শকরা তাদের সবকিছু উজাড় করে দিয়েছিলো।’

বিশ্বকাপের আগে এই ভাস্কর্যটি পর্যটকদের মূল আকর্ষণে পরিণত হবে উল্লেখ করে গভর্নর আরও বলেন, ‘যারা এখন জালিস্কো স্টেডিয়ামে আসবেন, তারা ছবি তোলার জন্য এখানে থামবেন। এই ভাস্কর্যটি একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক হয়ে থাকবে, বিশেষ করে যেহেতু এটি পেলের মতো একজন ফুটবল তারকাকে চিত্রিত করে। এটি বিশ্বকাপের জন্য একটি দারুণ উপহার।’

আসন্ন ২০২৬ বিশ্বকাপে গুয়াদালাহারা শহরটি প্রথম পর্বের মোট চারটি ম্যাচ আয়োজন করবে, যার শুরুটা হবে আগামী ১২ই জুন দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্রের ম্যাচ দিয়ে। এরপর ১৮ই জুন মেক্সিকো-দক্ষিণ কোরিয়া, ২৩শে জুন কলম্বিয়া-ডিআর কঙ্গো ও ২৬শে জুন উরুগুয়ে-স্পেনের ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন