অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান ওয়ানডে দলে বাবর, নেতৃত্বে শাহিন

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান ওয়ানডে দলে বাবর, নেতৃত্বে শাহিন

ফন্ট সাইজ:

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে হাইভোল্টেজ সিরিজের জন্য দলে ফিরিয়ে আনা হয়েছে বেশ কয়েকজন অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটারকে। তাদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ সাবেক অধিনায়ক বাবর আজম ও পেস তারকা হারিস রউফ। তবে বড় চমক হিসেবে দলে জায়গা পাননি অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

আগামী ৩০শে মে থেকে ৪ঠা জুন পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির আগে নিজেদের শক্তি ও কম্বিনেশন ঝালিয়ে নিতে দু’দলের জন্যই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনুপস্থিত থাকা একঝাঁক তারকা এবার দলে ফিরেছেন। তবে নেতৃত্বভার থাকছে বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির কাঁধেই। পিসিবির নির্বাচকরা শাহীনের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা বজায় রেখেছেন। বাবর ও রউফ ছাড়াও দলে প্রত্যাবর্তন ঘটেছে পেসার নাসিম শাহ, অলরাউন্ডার শাদাব খান এবং তরুণ স্পিনার সুফিয়ান মুকিমের।

বাবর আজমের ফেরাটা পাকিস্তানের ব্যাটিং লাইনআপে বহুল প্রতীক্ষিত স্থায়িত্ব ও অভিজ্ঞতা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। মিডল অর্ডারে দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটারের উপস্থিতি নিশ্চিতভাবেই পাকিস্তানের শক্তি বাড়াবে। অন্যদিকে, শাহিন আফ্রিদি ও নাসিম শাহর সঙ্গে হারিস রউফের অন্তর্ভুক্তি পাকিস্তানের পেস আক্রমণকে প্রতিপক্ষের জন্য আরও বিধ্বংসী করে তুলবে।

২০২২ সালের পর এটি হতে যাচ্ছে পাকিস্তানে অস্ট্রেলিয়ার প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সেখানে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারে তারা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নাসিম শাহ, রোহাইল নাজির (উইকেটকিপার), সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন