বগুড়া পুলিশ লাইন্স থেকে মোঃ আরিফুল ইসলাম (৩৮) নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই, নিরস্ত্র) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ লাইন্সের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিন সকালে পুলিশ লাইন্সের একটি কক্ষে ওই কর্মকর্তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহত আরিফুল ইসলাম সেখানে এএসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।
নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।
তিনি আরও জানান, মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ বা ঘটনা রয়েছে কি না, সব দিক বিবেচনায় রেখে খতিয়ে দেখছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
