অবশেষে ঘুচলো দীর্ঘ প্রতীক্ষা। ক্রিস্টিয়ানো রোনালদোর জাদুকরী পারফরম্যান্সে ২০১৯ সালের পর আবারও সৌদি প্রো লীগের শিরোপা পুনরুদ্ধার করলো আল নাসর। রিয়াদের আল-আওয়াল পার্কে লীগের শেষ রাউন্ডের মহানাটকীয় ম্যাচে দামাককে ৪-১ ব্যবধানে হারিয়ে নিজেদের ১১তম লীগ শিরোপা নিশ্চিত করলো তারা। ২০২২ সালের শেষভাগে সৌদি আরবে পাড়ি জমানোর পর এটিই সিআরসেভেনের প্রথম কোনো মেজর ট্রফি জয়।
লীগের শেষ ম্যাচে সমীকরণ ছিল স্পষ্ট। শিরোপা জিততে হলে আল নাসরকে পূর্ণ ৩ পয়েন্ট পেতেই হতো। কারণ, অন্য ম্যাচে আল ফায়হাকে ১-০ গোলে হারিয়ে আল হিলাল ৮৪ পয়েন্ট নিয়ে চাপ সৃষ্টি করে রাখে। আল নাসর ড্র করলে হেড-টু-হেড রেকর্ডে চ্যাম্পিয়ন হতো নেইমার জুনিয়রের সাবেক ক্লাব আল হিলালই। চাপের মুখে ম্যাচের ৩৪তম মিনিটে সাদিও মানের চমৎকার হেডে লিড নেয় আল নাসর। বিরতির পর ৫১তম মিনিটে ফরাসি উইঙ্গার কিংসলে কোম্যানের বুলেট গতির শটে ব্যবধান বাড়ে। তবে ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে দামাকের মোরলায়ে এক গোল শোধ করলে আল নাসর শিবিরে তীব্র উৎকণ্ঠা ছড়ায়।
তবে বিপদের মুহূর্তে দলের হাল ধরেন মহাতারকা রোনালদো নিজেই। ৬৩তম মিনিটে ডি-বক্সের বাঁ দিক থেকে এক ট্রেডমার্ক ফ্রি-কিকে বল জালে জড়িয়ে স্কোরলাইন ৩-১ করেন তিনি। এরপর ৮০তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় ও দলের শেষ গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
এই গোলের পরপরই মাঠে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগেই শিরোপা নিশ্চিত বুঝে আবেগে কেঁদে ফেলেন ৪১ বছর বয়সী রোনালদো। গ্যালারিতে থাকা পরিবারের দিকে আঙুল উঁচিয়ে তার এই কান্না ফুটবল বিশ্বকে আবেগে ভাসিয়েছে। ৫টি চ্যাম্পিয়নস লীগ ও ইউরোসহ ৩৪টি ট্রফি জেতা রোনালদোর আল নাসরের হয়ে এটিই প্রথম বড় শিরোপা।
৩৪ ম্যাচে ২৮ জয় ও দুই ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে লীগ শেষ করল আল নাসর। এই মৌসুমে লীগে ২৮ গোল ও ৩টি অ্যাসিস্ট করলেন রোনালদো। এর মাধ্যমে ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৭৩-এ, যা তাকে হাজারতম গোলের মাইলফলকের আরও কাছে নিয়ে গেল। একই সঙ্গে ইংল্যান্ড, স্পেন ও ইতালির পর চতুর্থ কোনো দেশের লীগ শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়লেন এই পর্তুগিজ সুপারস্টার।
