গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আনসার রোড থেকে বাহেরারচালা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একটি চক্র দীর্ঘদিন ধরে অটোরিকশা চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। এর প্রতিবাদে ক্ষুব্ধ চালকরা সড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
আন্দোলনরত অটোরিকশা চালকরা জানান, প্রতিদিন সড়কে চলাচলের জন্য তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি চালাতে বাধা দেয়া হয় বলেও অভিযোগ করেন তারা। একজন অটোরিকশা চালক বলেন, আমাদের কাছ থেকে জোর করে টাকা চায়। টাকা না দিলে গাড়ি চালাতে বাধা দেয়। আমরা এর বিচার চাই। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলে। পরে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে চালকরা অবরোধ তুলে নেন। এ বিষয়ে স্থানীয় ছাত্রদল নেতা রিফাত বেপার বলেন, যারা চাঁদা চাচ্ছে তারা দলীয় কোনো লোক না। তাদের বিরুদ্ধে আমরা দলীয়ভাবে ব্যবস্থা নেবো। স্থানীয়দের দাবি, সড়কে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
