গাছে বাঁধা যুবকের লাশ পাশেই পড়েছিল মাথা

ফন্ট সাইজ:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছে দুই হাতবাঁধা অবস্থায় কাউসার আলম (৪৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই পড়ে ছিল মাথা। নিহত কাউসার আলম দিনাজপুর জেলার দরিরামপুর উপজেলার জামেদ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দরিচার চর গ্রামে গাছে বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মশাখালী ইউনিয়নের দরিচার চর গ্রামের একটি জঙ্গলে স্থানীয়রা মরদেহটি গাছে বাঁধা অবস্থায় দেখতে পায়। মরদেহ গাছে বাঁধা অবস্থায় থাকলেও মাথাটি পাশেই পড়ে ছিল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে, স্থানীয়রা কেউ মরদেহ শনাক্ত করতে না পারায় পিবিআই পুলিশকে খবর দেয়া হয়। পিবিআই পুলিশ গিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

পরে মরদেহ মযনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম বলেন, নিহতের বাড়ি দিনাজপুর জেলার দরিরামপুর উপজেলায়। পিবিআই পুলিশের মাধ্যমে পরিচয় জানতে পেরেছি। তবে, কীভাবে ঘটেছে, এখনো জানা যায়নি। পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। পরে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন