গত ২০শে মে মানবজমিন-এ “সামিটে হাসিনাপুত্রের মালিকানা, তালাকপ্রাপ্ত স্ত্রীকে বছরে দেবেন ২ লাখ ৪০ হাজার ডলার” শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে সামিট কমিউনিকেশনস লিমিটেড। প্রতিষ্ঠানের পক্ষে সিনিয়র ম্যানেজার, ব্র্যান্ডিং অ্যান্ড পিআর আহমেদ মুনজিল চৌধুরীর পাঠানো ব্যাখ্যায় বলা হয়, সামিট কমিউনিকেশনস্ লিমিটেডের মালিকানা এবং প্রাতিষ্ঠানিক কাঠামো বাংলাদেশের সকল প্রচলিত আইন এবং সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত বিধিমালা অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত। এ ছাড়া কোম্পানিটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন দ্বারাও নিয়ন্ত্রিত।
ব্যাখ্যায় বলা হয়, রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস-এর নথিপত্র ও তথ্য অনুযায়ী, প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত ব্যক্তি সামিট কমিউনিকেশনস্ লিমিটেডের সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত কোনোভাবেই কোনো প্রকার শেয়ারের মালিক ছিলেন না, পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেননি কিংবা অন্য কোনো উপায়ে এই কোম্পানির মালিকানায় যুক্ত ছিলেন না। এই সংক্রান্ত সকল তথ্য ও রেকর্ড আরজেএসসি পোর্টালে জনসাধারণের যাচাই করবার জন্য উন্মুক্ত রয়েছে।
