পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবার চীন সফরে যাচ্ছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩শে মে থেকে ২৬শে মে পর্যন্ত বেইজিং সফর করবেন শেহবাজ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা এবং চলমান শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিতে বেইজিংয়ে বৈঠকে বসবেন চীন ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, বেইজিং সফরে চীনের নেতৃত্বের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন পাকিস্তানের সঙ্গে মিলে গঠনমূলক ভূমিকা পালন করবে। শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ অবসানে পাকিস্তানের ‘ন্যায্য ও ভারসাম্যপূর্ণ’ মধ্যস্থতাকে বেইজিং পূর্ণ সমর্থন দেয়।
গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা অবসানে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।
ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে প্রথম দফায় আলোচনার আয়োজন সফলভাবে করতে পারলেও দেশটি এরপর আর কোনো আলোচনা আয়োজন করতে পারেনি। তবে দেশটি এখন পর্যন্ত জোরালোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তেহরান সফর করছেন পাকিস্তানের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ফিল্ড মার্শাল আসিম মুনির।
এর আগে গত দুই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আতিথ্য দিয়েছে বেইজিং।
