আকাশচুম্বী স্বপ্ন, ফুটবলীয় দর্শন ও রেকর্ড ভাঙার অদম্য আকাক্সক্ষার কথা জানালেন লামিন ইয়ামাল। ফিফা-কে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে ইয়ামাল বললেন, আসন্ন বিশ্বকাপে স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ড গড়তে চান তিনি।
মাঠে বল পায়ে ১৮ বছর বয়সী ইয়ামাল যতটা ক্ষুরধার, ক্যামেরার সামনেও সাবলীল। বিশ্বকাপের আমেজ নিয়ে স্প্যানিশ তরুণ বলেন, ‘শৈশব থেকেই দেখেছি, বিশ্বকাপ এলে ফুটবলপ্রেমী না হলেও মানুষ রাস্তায় নেমে আসে। এই সৌন্দর্যই আমাকে রোমাঞ্চিত করে।’ চাপকে তুড়ি মেরে উড়িয়ে তিনি জানান, ফুটবল তার চিরচেনা আঙ্গিনা। তাই এখানে ভয়ের কোনো স্থান নেই। ইয়ামাল বলেন, ‘আমি যদি এমন কোনো কাজ করতাম যা আমি জানি না কীভাবে করতে হয়, তাহলে আমি হয়তো নার্ভাস হয়ে পড়তাম... ফুটবল এমন এক জিনিস, যা আমি সবসময় (উপভোগ) করে এসেছি। এটিই আমার চেনা জগৎ। গ্যালারিতে বাবা-মাকে যখন দেখি এবং জানি যে তারা আমাকে নিয়ে গর্বিত, তখন সব চাপ দূর হয়ে যায়।’
ইউরো ও ন্যাশনস লীগ জয়ের পর স্পেন এবার অন্যতম ফেভারিট। তবে ইয়ামাল বাস্তববাদী। আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল বা ইংল্যান্ডের মতো পরাশক্তিদের সমীহ করলেও, নিজের দলের ওপর তার অগাধ আস্থা। ইয়ামাল বলেন, ‘আমার মতে, স্পেনই বর্তমান বিশ্বে সবচেয়ে সুন্দর ফুটবল খেলে। স্প্যানিশ একাডেমিগুলো বিশ্বের সেরা প্রতিভা তৈরি করে, যা মাঠের পারফরম্যান্সে স্পষ্ট।’
দলের সতীর্থ গাভিকে নিয়ে মজার ছলে ইয়ামাল জানান, গাভি নাকি প্রায়ই খোঁচা দিয়ে বলেন— স্পেনের সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতার রেকর্ডটি ইয়ামাল ভাঙতে পারবেন না। জবাবে আত্মবিশ্বাসী ইয়ামাল বলেন, ‘আমি এক ধাপ এগিয়ে ভাবছি। বিশ্বকাপে স্পেনের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করতে চাই। দ্বিতীয় গোলটি করার পর গাভিকে একটা ইশারা করবো।’
আগামী ১৫ই জুন কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে ২০১০-এর চ্যাম্পিয়নরা। গ্রুপ ‘এইচ’-এ তাদের বাকি দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।
