চোটের কারণে নেইমার জুনিয়রের ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা ছিল। সংশয়ের অবসান ঘটে কার্লোস আনচেলেত্তির দল ঘোষণার পর। টিভিতে সেই ঘোষণা দেখে নেইমার নিজেও আবেগপ্রবণ হয়ে যান। এ নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু সুসংবাদ পাওয়ার পর আবারো চোটের কবলে পড়লেন ৩৪ বছর বয়সী এ ফুটবলার। সান্তোসের হয়ে কুরিতিবার বিপক্ষে ম্যাচে ডান পায়ের কাফ মাসলে (পায়ের পেছনের পেশি) চোট পেয়েছেন নেইমার। সান্তোস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, চোটের কারণে ক্লাবটির সামনের ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন না। সান্তোসের মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে যে, মেডিকেল পরীক্ষার পর নেইমারের ডান পায়ের কাফে ২ মিলিমিটারের একটি ক্ষত (ওডিমা) পাওয়া গেছে।
এ কারণে কোপা সুদামেরিকানার ম্যাচে সান্তোসের হয়ে সান লোরেঞ্জোর বিপক্ষে খেলতে পারেননি নেইমার। আগামী ২৭শে মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেয়ার কথা তার। এখন সেই সময়ের মধ্যে ফিট হয়ে ওঠার জন্য লড়াই করছেন এই ব্রাজিলিয়ার ফরোয়ার্ড। সান্তোসের প্রধান চিকিৎসক রদ্রিগো জোগাইব অবশ্য আশার বাণী শুনিয়েছেন। ব্রাজিলের স্থানীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘নেইমারের কাফে সামান্য চোট রয়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী সপ্তাহের মধ্যেই সে পুরোপুরি ফিট হয়ে উঠবে এবং জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবে।’ বর্তমানে সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে নিজের ব্যক্তিগত স্টাফদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন নেইমার। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চিকিৎসকেরাও তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।
নেইমার নতুন করে চোটে পড়ায় ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তির দল নির্বাচন নিয়ে সমালোচনা হচ্ছে। ইতালিয়ান এই কোচ আগে জানিয়েছিলেন, তিনি কেবল শতভাগ ফিট খেলোয়াড়দেরই বিশ্বকাপে চান। কোচিং স্টাফদের মূল চিন্তা হলো, এই চোটের কারণে নেইমার বিশ্বকাপের শুরুর দিকের অনুশীলন মিস করতে পারেন। এমনকি আগামী ৩১শে মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচেও তার খেলা অনিশ্চিত।
বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে পানামা ও মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।
