৪৪ বছর পর ‘ইউরোপ জয়’ ভিলার

অনন্য কীর্তি এমি মার্টিনেজের

৪৪ বছর পর ‘ইউরোপ জয়’ ভিলার

ফন্ট সাইজ:

৩০ বছরের শিরোপাখরা এবং ৪৪ বছর পর ইউরোপের মঞ্চে ট্রফি জয়-এক দিনেই সব আক্ষেপ দূর করলো অ্যাস্টন ভিলা। বুধবার রাতে ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে একপেশে ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লীগের নতুন রাজা বনে গেল উনাই এমেরির দল। আর অনন্য এক রেকর্ড ধরে রাখলেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

ক্যারিয়ারে কোনো ফাইনালে হার দেখেননি বিশ্বকাপজয়ী এ গোলরক্ষক। ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ ক্যারিয়ারের ৭টি ফাইনালের সবকটিতেই শেষ হাসি হাসলেন বাজপাখি খ্যাত গোলকিপার। ম্যাচের পর আলবিসেলেস্তেদের হয়ে বিশ্বকাপজয়ী এমি মার্টিনেজ বলেন, ‘আমি এখনও প্রত্যেক ম্যাচে বেড়ে উঠছি (শিখছি)। এদিন যদিও ওয়ার্ম-আপের সময় আমার আঙ্গুল ভেঙে যায় এবং খারাপ কিছুর মাঝেও ভালো বিষয় লুকিয়ে থাকে। জীবনভর এভাবেই এগিয়েছি এবং এগিয়ে যাবো। এর আগে কখনও আঙ্গুল ভাঙেনি। বল ধরতে গেলেই আঙ্গুলটা অন্যদিকে সরে যাচ্ছিল। তবে এসবের মধ্য দিয়েই যেতে হয়। অ্যাস্টন ভিলার জার্সি পরে খেলতে পারাটা আমার জন্য গর্বের।’

এদিকে, এই শিরোপা জয়ের মাধ্যমে ফুটবল বিশ্বে নিজের অবস্থান আরও উঁচুতে নিয়ে গেছেন ভিলা কোচ উনাই এমেরি। ইউরোপা লীগের ‘রাজা’ খ্যাত এ স্প্যানিশ কোচ রেকর্ড পঞ্চমবারের মতো জিতলেন এই ট্রফি। এর আগে সেভিয়ার হয়ে টানা তিনবার (২০১৪-১৬) এবং ভিয়ারিয়ালের হয়ে (২০২১) চ্যাম্পিয়ন হন তিনি।
অথচ ইংলিশ ক্লাবটির জন্য মৌসুমের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। টানা ছয় ম্যাচ জয়হীন থাকা দলটিই মাত্র ছয় দিনের ব্যবধানে ইতিহাস গড়লো। গত সপ্তাহে লিভারপুলকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লীগ নিশ্চিত করার পর, এবার তারা ঘরে তুললো ইউরোপা লীগের ট্রফি। ১৯৯৬ সালের লীগ কাপের পর এটিই ভিলার প্রথম কোনো শিরোপা। ঐতিহ্যবাহী মেরুন-নীল জার্সির বদলে এদিন ভিলা মাঠে নামে সাদা জার্সিতে। এই রঙের পেছনে জড়িয়ে আছে ক্লাবটির ১৫২ বছরের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। ১৯৮২ সালের ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখকে এই সাদা জার্সি পরেই হারায় তারা। ৪৪ বছর আগের সেই রূপকথার দলের ৯ জন সাবেক ফুটবলার গ্যালারিতে বসে উত্তরসূরিদের এই জয় প্রত্যক্ষ করেন। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে হাজির ছিলেন ক্লাবটির বিশেষ সমর্থক প্রিন্স উইলিয়াম এবং হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস।
ম্যাচের ৪১তম মিনিটে মর্গান রজার্সের ক্রস থেকে দারুণ এক ভলিতে ভিলাকে এগিয়ে নেন ইউরি তিলেমানস। প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া। এরপর ৫৮তম মিনিটে বুয়েন্দিয়ার পাস থেকেই ফ্রেইবুর্গের জালে শেষবার বল জড়ান রজার্স।