ইবোলা আতঙ্ক

যুক্তরাষ্ট্রে কঙ্গো ফুটবলারদের সবুজ সংকেত মিললেও অপেক্ষায় সমর্থকরা

ফন্ট সাইজ:

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল বিশ্ব যখন উন্মাদনায় কাঁপছে, তখন এক চরম বিপর্যয়ের মুখোমুখি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। দেশটিতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব চলায় দলটির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা ঝুলছিলো। সব শঙ্কা উড়িয়ে কঙ্গোর খেলোয়াড়রা সবুজ সংকেত পেলেও, কপাল পুড়ছে তাদের একনিষ্ঠ সমর্থকদের। ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ কঙ্গোলিজ ফুটবলপ্রেমীদের জন্য আমেরিকার দরজা আপাতত বন্ধই থাকছে।

১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। স্বভাবতই কঙ্গোজুড়ে মেতে ওঠার কথা ছিল উৎসবে। তবে চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশটির ইতুরি প্রদেশে হানা দেয় প্রাণঘাতী ইবোলা ভাইরাসের ‘বুন্দিবুগিও’ স্ট্রেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতিমধ্যেই এটিকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। ২০শে মে পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, সেখানে ৫০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ১৩০ জনেরও বেশি। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা সংবাদসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা আশা করছি, কঙ্গো দল নির্ধারিত সময়েই বিশ্বকাপে অংশ নিতে পারবে। মার্কিন নাগরিকরা যেভাবে আইসোলেশন ও কঠোর পরীক্ষার মধ্য দিয়ে দেশে ফেরেন, কঙ্গোর ফুটবলারদের জন্যও ঠিক একই ধরনের প্রোটোকল তৈরি করা হচ্ছে।’ তবে দেশটির ফুটবলারদের জন্য বড় স্বস্তির খবর হলো, দলের মূল তারকারা বর্তমানে ইউরোপের বিভিন্ন ক্লাবে অনুশীলনে ব্যস্ত থাকায় সরাসরি আক্রান্ত অঞ্চলের সংস্পর্শে আসেননি। ফলে তাদের ক্ষেত্রে আইনি জটিলতা অনেকটাই কমে যাচ্ছে।

খেলোয়াড়রা ছাড় পেলেও, কঙ্গোর সাধারণ দর্শকদের ক্ষেত্রে কোনো আপস করছে না মার্কিন প্রশাসন। ২১ দিনের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আগত সাধারণ ভ্রমণকারীদের ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। ফলে, বিশ্বকাপের প্রথম দিকে মাঠে বসে প্রিয় দলকে চিয়ার করার সুযোগ পাচ্ছে না কঙ্গোলিজ সমর্থকেরা। বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে খেলবে ডিআর কঙ্গো। আগামী ১৭ই জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া এবং উজবেকিস্তান।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন