ফ্রেঞ্চ ওপেনের প্রাইজমানি নিয়ে অসন্তোষ

ফন্ট সাইজ:

চোটের কারণে কার্লোস আলকারাজকে এবারের ফ্রেঞ্চ ওপেনে দেখা যাবে না। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামকে সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিয়েছেন নোভাক জকোভিচ। র্দীঘদিনের বন্ধু ও স্বদেশি ভিক্টর ট্রইকি থাকবেন তার কোচের দায়িত্বে। রোঁলা গারোর কোর্টে ঝড় ওঠার আগে এগুলোই আলোচনার কেন্দ্রে থাকার কথা ছিল। কিন্তু টেনিস তারকাদের অসন্তোষ এখন আলোচনায়। প্রাইজমানি বা পুরস্কারের অর্থ কমিয়ে দেয়ায় আয়োজকদের ওপর চটেছেন টেনিসের শীর্ষ তারকারা। এজন্য মিডিয়া ডে-তে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য তারা ১৫ মিনিট বেঁধে দিয়েছেন।

ফরাসি পত্রিকা লেকিপ এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। বিশ্বের এক নম্বর তারকা ইয়ানিক সিনার, নারী টেনিসের শীর্ষ তারকা আরিনা সাবালেঙ্কা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোকো গফ চলতি মাসের শুরুতেই ফ্রেঞ্চ ওপেন বয়কটের হুমকি দিয়েছিলেন। এবার সেই পথেই হাঁটছেন অন্যরা। খেলোয়াড়দের এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেছে ফরাসি টেনিস ফেডারেশন (এফএফটি)। এক বিবৃতিতে তারা জানায়, ‘খেলোয়াড়দের এই সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। এর ফলে মিডিয়া, সম্প্রচারকারী চ্যানেল, ফেডারেশনের কর্মী এবং বিশ্বজুড়ে থাকা টেনিসপ্রেমীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।’ খেলোয়াড়দের অভিযোগ, টুর্নামেন্টের আয় বাড়লেও তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়া হচ্ছে না। অন্যান্য এটিপি বা ডব্লিউটিএ টেনিস টুর্নামেন্টে আয়ের ২২ শতাংশ দেয়া হয় খেলোয়াড়দের। ফ্রেঞ্চ ওপেনে তা কমিয়ে ১৪.৩ শতাংশ করা হয়েছে। ২০২৫ সালের ফ্রেঞ্চ ওপেন থেকে আয় হয় ৩৯৫ মিলিয়ন ইউরো। যা আগের বছরের চেয়ে ১৪% বেশি। কিন্তু খেলোয়াড়দের প্রাইজমানি বাড়ানো হয়েছে মাত্র ৫.৪ শতাংশ। বিপরীতে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড়দের অর্থ ১৬ শতাংশ এবং গত বছর ইউএস ওপেন ২০ শতাংশ বাড়িয়েছিল। জকোভিচ-সিনারেরা শুধু টাকার অঙ্কই বাড়াতে বলছেন না, তারা খেলোয়াড়দের সঠিক মূল্যায়ন, স্বাস্থ্য সুবিধা এবং পেনশনের দাবিও তুলছেন। ফ্রেঞ্চ ওপেনে এবার পুরুষ এককে প্রধান ফেবারিট ভাবা হচ্ছে ফর্মে থাকা ইতালির ইয়ানিক সিনারকে।

নারী এককে জমজমাট লড়াই হতে পারে। সাবালেঙ্কার সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। তাই সবার নজর থাকবে চারবারের ফরাসি ওপেন জয়ী ইগা শিয়াতেক এবং বিশ্বের দুই নম্বর তারকা এলেনা রিবাকিনার দিকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন